বিদ্যুতের লোড কমানোর কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে জাপান গার্ডেন সিটিতে বিদ্যুৎ সরবরাহের জন্য সাব-স্টেশনের ধরন পরিবর্তন করে ভোল্টেজ ৩৩ কেভি থেকে ১১ কেভিতে এবং লোড ৯ দশমিক ৪ মেগাওয়াট থেকে ৪ দশমিক ০০ মেগাওয়াটে কমিয়ে আনতে নেওয়া উদ্যোগের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ গত ৮ ফেব্রুয়ারি রুলসহ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন। জাপান গার্ডেন সিটির ফ্ল্যাট-মালিকদের পক্ষে এস এম শাহজাহানসহ অন্যরা রিট আবেদনটি করেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নুরুল ইসলাম ও মহিউদ্দিন কাদের। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
জাপান গার্ডেন সিটি প্রকল্পে বিদ্যুৎ সরবরাহের জন্য বর্তমান সাব-স্টেশনের ধরন পরিবর্তন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানিসচিব, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালক (অপারেশন), নির্বাহী প্রকৌশলী, রাজউক ও জাপান গার্ডেন সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনে সংশ্লিষ্ট আইনজীবী মহিউদ্দিন কাদের গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, জাপান গার্ডেন সিটি প্রকল্প করার সময় তৎকালীন ডেসা কর্তৃপক্ষ ৯ দশমিক ৪ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ ও ৩৩/১১ কেভি বিশিষ্ট সাব-স্টেশন বসানোর সিদ্ধান্ত দেয়। তবে ফ্ল্যাট-মালিকদের অবহিত না করে ডেভেলপার কোম্পানি গত বছরের ৬ নভেম্বর ৩৩/১১ কেভি সাব-স্টেশন ১১ কেভিতে ও লোড ৯ দশমিক ৪ থেকে কমিয়ে ৪ দশমিক ০০ মেগাওয়াটে আনতে ডিপিডিসিতে আবেদন করে। এতে ডিপিডিসি সম্মতি দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হলে আদালত ওই আদেশ দেন।