বিদ্যুতের লোডশেডিং অতিষ্ঠ নাগরিক জীবন
গ্যাসভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়ায় চট্টগ্রামে বিদ্যুতের লোডশেডিং করতে হচ্ছে। গত শনিবার থেকে লোডশেডিংয়ের যন্ত্রণায় নাগরিকজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। আগামী এক মাস এই যন্ত্রণা থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই বলে পিডিবির প্রকৌশলীরা জানিয়েছেন।
পিডিবি সূত্র জানায়, চট্টগ্রামের দুটি সার কারখানায় গ্যাস সরবরাহ দেওয়ার জন্য বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হয়। গত ১৩ আগস্ট রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট এবং ২৪ আগস্ট দ্বিতীয় ইউনিট বন্ধ হয়। দুটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ৪২০ মেগাওয়াট। সর্বশেষ ৬ সেপ্টেম্বর শিকলবাহার দুটি বন্ধ করে দেওয়া হয়। এ দুটির ইউনিটের উৎপাদন ক্ষমতা ছিল ২২০ মেগাওয়াট। কিন্তু গ্যাসের সংকটের কারণে রাউজান থেকে গড়ে ১৮০ এবং শিকলবাহা থেকে ১৯০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত।
পিডিবি সূত্র আরও জানায়, রাউজান ও শিকলবাহার সব কটি ইউনিটের গ্যাস এখন চট্টগ্রাম ইউরিয়া সারা কারখানা (সিইউএফএল) ও কাফকোতে সরবরাহ দেওয়া হচ্ছে। ৩১ আগস্ট কাফকো এবং গত মঙ্গলবার রাত ১১টা থেকে সিইউএফএল সার উৎপাদন শুরু করে। এ কারণে রাউজান ও শিকলবাহা থেকে ২৭০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, যার প্রভাব পড়েছে চট্টগ্রামে। বিদ্যুৎসংকটে নগরজীবনে শিক্ষার্থীদের পড়াশোনা এবং অফিস-আদালতের স্বাভাবিক কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার দুপুরে আমি ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছাই। বাসায় এসে দেখি বিদ্যুৎ নেই। সন্ধ্যার পরও অন্ধকারের মধ্যে ছিলাম। এত বিদ্যুৎ উৎপাদন হয়। কিন্তু চট্টগ্রাম নগর কেন অন্ধকারে রয়েছে তা বোধগম্য নয়।’
পিডিবি সূত্র জানায়, চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা এখন সাড়ে ৭০০ মেগাওয়াটের মতো। দিনের বেলায় ৪০০ থেকে ৪২০ মেগাওয়াট পাওয়া যাচ্ছে। এ কারণে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন থাকছে। রাতের তুলনায় দিনের বেলায় লোডশেডিং বেশি করা হচ্ছে।
পিডিবির প্রধান প্রকৌশলী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘রাউজান ও শিকলবাহার দুটি কেন্দ্র বন্ধ হওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এ ব্যাপারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে।’
রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী স্বপন কান্তি চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘আমরা ৭০ থেকে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস পেতাম। তা দিয়ে রাউজানের একটি ইউনিট এবং শিকলবাহার দুটি ইউনিট চালাতে পারতাম। শনিবার আমাদের কাছ থেকে পুরো গ্যাস নিয়ে সার কারখানায় সরবরাহ দেওয়া হচ্ছে। এ কারণে আমাদের দুটি কেন্দ্র এখন পুরোপুরি বন্ধ রয়েছে।’
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা ৪৩ থেকে ৪৪ মিলিয়ন ঘনফুট গ্যাস পাচ্ছি। সমপরিমাণ গ্যাস কাফকো পাচ্ছে। আসলে বোরো মৌসুমের কথা চিন্তা করে সার উৎপাদন শুরু করা হয়।’