বিদ্যুতের লো-ভোল্টেজে নাকাল গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুতের প্রায় ৭০০ কিলোমিটার লাইন পরিত্যক্ত হওয়ায় লো-ভোল্টেজে প্রায় সাত হাজার গ্রাহক দুর্ভোগে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া কার্যালয় থেকে একটি ফিডার লাইনের মাধ্যমে জুড়ীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ১৯৮০ সালের দিকে জুড়ীতে বিদ্যুতের লাইন টানানো হয়। পরে তা আর পরিবর্তন করা হয়নি। ওই লাইনগুলোর ধারণক্ষমতা নষ্ট হয়ে গেছে। গত মাসে জরিপ করে উপজেলায় বিদ্যুতের প্রায় ৭০০ কিলোমিটার লাইন পরিত্যক্ত উল্লেখ করে তা দ্রুত পরিবর্তনের সুপারিশ করা হয়। এ জন্য প্রয়োজনীয় সরঞ্জাম চেয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলী কুলাউড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত প্রতিবেদন দেন। প্রতিবেদনে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বিদ্যুতের ১৩ হাজার খুঁটি পরিবর্তনের জন্যও সুপারিশ করা হয়। জুড়ীতে প্রায় সাড়ে পাঁচ হাজার আবাসিক এবং প্রায় দেড় হাজার বাণিজ্যিক গ্রাহক আছে। বিভিন্ন এলাকার ভুক্তভোগী একাধিক গ্রাহকের ভাষ্যমতে, লো-ভোল্টেজের কারণে দিনের বেলা বৈদ্যুতিক পাখাও জোরে ঘোরে না। কলকারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় রাতে বৈদ্যুতিক বাতিও ভালোভাবে জ্বলে না।নাম প্রকাশ না করার শর্তে জুড়ী অভিযোগকেন্দ্রের একজন লাইনম্যান বলেন, লাইনগুলোর ধারণক্ষমতা কমে যাওয়ায় লো-ভোল্টেজ হচ্ছে। বেশি পুরোনো হয়ে যাওয়ায় অনেক সময় বৈদ্যুতিক লাইন ছিঁড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটছে।জুড়ীর দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মো. ইস্রাফিল গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘প্রায় ৭০০ কিলোমিটার পরিত্যক্ত লাইন রয়েছে। সরঞ্জাম পেলে আমরা কাজ করে দিতে প্রস্তুত।’ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার প্রথম আলোকে বলেন, ‘এই মুহূর্তে প্রয়োজনীয় সরঞ্জাম নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠিয়েছি। সরঞ্জাম পাওয়া গেলে কাজ শুরু করা হবে।’