বিদ্যুতের লোড বৃদ্ধির নামে বাড়তি টাকা আদায়ের প্রতিবাদ
নারায়ণগঞ্জে লোড বৃদ্ধির নামে বিদ্যুৎ-গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের পাগলা দক্ষিণ রসুলপুর রোজ কিন্ডারগার্টেন স্কুলমাঠে ডিপিডিসি বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা পরিষদের উদ্যোগে এ সভা হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কুতুবপুর ১৪ পঞ্চায়েতের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি হাফিজ উদ্দিন হাওলাদার। বক্তব্য দেন ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান, ডিপিডিসি বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা পরিষদের আহ্বায়ক এস এম কাদির, দক্ষিণ রসুলপুর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আজহার, পাগলা পূর্ব পাড়া ইসলামিয়া বাজার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ডিপিডিসি বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা পরিষদের নেতা গাজী মো. ইব্রাহীম প্রমুখ। কর্মসূচি থেকে ১৩ নভেম্বর সকাল ১০টায় ডিপিডিসি শ্যামপুর কার্যালয় ঘেরাওয়ের হুমকি দেওয়া হয়।
এস এম কাদির বলেন, ‘প্রত্যেক গ্রাহকের গত সেপ্টেম্বর মাসের বিলের সঙ্গে লোড বাড়ানোর কথা বলে বাড়তি টাকা নির্ধারণ করেছে ডিপিডিসি। পাশাপাশি ৩০ অক্টোবরের মধ্যে ডিপিডিসি কর্তৃপক্ষ ওয়ান ব্যাংক শ্যামপুর শাখায় টাকা জমা দিতে বলেছে। আমাদের প্রশ্ন, এর আগে কখনো গ্রাহকদের এ বিষয়ে অবগত করা হয়নি। হঠাৎ এ ধরনের বিলের কাগজ দেখে গ্রাহকেরা হতবাক। এ বিষয়ে শ্যামপুরের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানের সঙ্গে কথা বলতে গেলে তিনি গ্রাহকদের কোনো সদুত্তর দিতে পারেননি। এমনকি এ বিষয়ে সরকারি নির্দেশের কোনো কাগজপত্রও গ্রাহকদের দেখাতে পারেননি।’
এ বিষয়ে যোগাযোগ করলে ডিপিডিসি প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক হারুন-উর-রশিদ প্রথম আলোকে বলেন, এটি ডিপিডিসির শ্যামপুর কার্যালয়ের কোনো একক সিদ্ধান্ত নয়। এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত। যে গ্রাককেরা বাড়তি লোড ব্যবহার করছেন, তাঁদের ডিমান্ড নোট পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কোনো গ্রাহকের আপত্তি থাকলে ডিপিডিসির টিম গিয়ে পরীক্ষা করে দেখবে।