বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদীতে ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ–বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। গত শনিবার রাতে স্থানীয় সামাজিক সংগঠন ‘লোকাল ভয়েজের’ উদ্যোগে এলাকাবাসী এ মিছিল করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীবরদীতে বিদ্যুতের চাহিদা আড়াই থেকে তিন মেগাওয়াট। কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), শেরপুর বিতরণ বিভাগ থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না। ফলে দিনে ও রাতে দীর্ঘ সময় ধরে লোডশেডিং করা হয়। এর প্রতিবাদে শনিবার রাত আটটার দিকে শ্রীবরদী পৌর শহরে বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিল শেষে শ্রীবরদী শহরের চৌরাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠন লোকাল ভয়েজের পরিচালক এ জেড রুমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন প্রমুখ। বক্তারা তিন দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।
বিউবোর শেরপুর বিতরণ বিভাগের উপসহকারী প্রকৌশলী বরুণ ব্যানার্জি গতকাল রোববার বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তাঁরা লোডশেডিং করতে বাধ্য হন।