বিদ্যুতের সংযোগ নেই, শঙ্কিত হিমাগারমালিক ও আলুচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমে বিদ্যুৎ সংযোগ না পেয়ে ঠাকুরগাঁও-পঞ্চগড়ের নবনির্মিত চারটি হিমাগারের উদ্যোক্তারা লোকসানের আশঙ্কা করছেন। এসব হিমাগার উপযুক্ত সময়ে চালু করতে না পারায় তাঁরা শঙ্কিত। সেই সঙ্গে দুই জেলার আলুচাষিরাও ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।জেলার আশ্রমপাড়ার ঠাকুরগাঁও গেস্টহাউসে রোববার দুপুরে হিমাগার উদ্যোক্তাদের এক সংবাদ সম্মেলন হয়। এতে তাঁরা জানান, বিদ্যুৎ বিভাগের নীতিমালা অনুযায়ী ৬ সেপ্টেম্বরের আগে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতিতে লোড সংরক্ষণ ফি জমা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও এখন পর্যন্ত তাঁরা হিমাগারের জন্য বিদ্যুতের সংযোগ পাননি।নতুন হিমাগার চারটি হলো ঠাকুরগাঁওয়ের আমানত শাহ হিমাগার, হাওলাদার হিমাগার, এসবি এগ্রো ইন্ডাট্রিজ-ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের দেবীগঞ্জের এসবি হিমাগার লিমিটেড। এসবি এগ্রো ইন্ডাট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা হিমাগারগুলোতে জরুরি ভিত্তিতে বিদ্যুতের সংযোগ দিতে বিদ্যুৎসচিব, স্থানীয় সাংসদ ও মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তবে তাঁরা শুধু আশ্বাস দিচ্ছেন। এই চারটি হিমাগারে প্রায় ৪২ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ করা যাবে।আমানত হিমাগারের চেয়ারম্যান মো. আবদুল্লাহ বলেন, ‘চলতি মৌসুম ধরতে আমরা গত বছরই প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করেছি। সেগুলো এ বছর চালু করতে না পারলে মরিচা পড়ে নষ্ট হবে।’ এসবি হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন, ‘হিমাগার নির্মাণের জন্য সাড়ে পাঁচ কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছি। এ বছর সেটা চালু করতে না পারলে বড় ধরনের লোকসানের মুখে পড়ব।’ঠাকুরগাঁও চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাট্রিজের সাবেক সভাপতি ও হাওলাদার হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম হাওলাদার বলেন, ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অগ্রাধিকার ভিত্তিতে হিমাগারগুলোতে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার নির্দেশ হলেও তা পাওয়া যাচ্ছে না।ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আরিফ আহমেদ বলেন, অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত খাত সম্পর্কে ঊর্ধ্বতন মহল থেকে কোনো লিখিত নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলেই হিমাগারগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্র জানায়, চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ে ২৫ হাজার ৫৯১ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত চাষ হয়েছে ২৬ হাজার ৯০০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ ৪৭ হাজার ৮৪৩ মেট্রিক টন। পঞ্চগড়ে নয় হাজার ৫৪৫ হেক্টর জমিতে আলু চাষ করে এক লাখ ৬৭ হাজার তিন মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এলাকায় আলু সংরক্ষণের সুবিধা পর্যাপ্ত নয়। এখানে ১০টি হিমাগার রয়েছে। এসব হিমাগারে মাত্র ৪৭ হাজার ৭৮৪ মেট্রিক টন আলু সংরক্ষণ সম্ভব।ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ-পরিচালক মো. খায়রুল আলম জানান, কৃষকেরা বীজ হিমাগারে সংরক্ষণ করতে না পারলে পরবর্তী মৌসুমে আলুর আবাদ আশঙ্কাজনকভাবে কমে আসবে।