বিদ্যুতের সংযোগ পাচ্ছে সব সেচযন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর বোরো ধান আবাদে সেচের জন্য বিদ্যুতের সংযোগ চেয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে যাঁরা আবেদন করেছেন, তাঁদের সবাইকে সংযোগ দেওয়া হচ্ছে। সেচে বিদ্যুৎ সরবরাহের সময়ও গত বছরের চেয়ে এবার দুই ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়েছে। বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সূত্র জানায়, দেশের কোনো কোনো এলাকায় ইতিমধ্যে সেচ শুরু হয়েছে। চলবে আগামী মে মাসের প্রথমার্ধ পর্যন্ত—প্রায় চার মাস। এ বছর সেচের জন্য বিদ্যুতের নতুন সংযোগের আবেদন পড়েছে প্রায় ৩৫ হাজার। এর সব কটিই সংযোগ পাচ্ছে। ফলে এ বছর প্রায় পাঁচ লাখ ৩৬ হাজার সেচযন্ত্রে বিদ্যুতের সংযোগ দেওয়া হচ্ছে।
গত বছর পর্যন্ত সেচের জন্য বিদ্যুৎ সরবরাহের নির্ধারিত সময় ছিল রাত ১১টা থেকে সকাল সাতটা পর্যন্ত—মোট আট ঘণ্টা। এবার তা করা হয়েছে রাত ১০টা থেকে সকাল আটটা পর্যন্ত—মোট ১০ ঘণ্টা। এ জন্য সেচে বাড়তি বিদ্যুৎ সরবরাহ করতে হবে এক হাজার ৭০০ মেগাওয়াট।
মন্ত্রণালয় সূত্র জানায়, এখন সেচ মৌসুমের শুরুতে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় পাঁচ হাজার ৭০০ মেগাওয়াট। এই চাহিদা ক্রমাগত বেড়ে এপ্রিলে সেচের ভরা মৌসুমে হবে সাত হাজার ২০০ মেগাওয়াটের মতো। তাই পাঁচ হাজার ৮৫০ মেগাওয়াট থেকে বিদ্যুৎ উৎপাদন ক্রমাগত বাড়িয়ে সেচ মৌসুমের শেষ পর্যন্ত সাত হাজার ৫০০ মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে।
তবে বিদ্যুৎ উৎপাদনের জন্য চাহিদার শতভাগ গ্যাস সরবরাহের নিশ্চয়তা না থাকায় পরিকল্পনা অনুযায়ী উৎপাদন না-ও হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গত বছরের সেচ মৌসুমে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের সর্বোচ্চ চাহিদা ছিল দৈনিক ১১৫ কোটি ঘনফুট। কিন্তু সর্বোচ্চ গ্যাস পাওয়া গেছে ৯২ কোটি ঘনফুট। এ বছরও বিদ্যুতের জন্য প্রতিদিন সর্বোচ্চ ১১৫ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা ধরা হয়েছে।
একই সঙ্গে সব সার কারখানা চালু রাখা হলে বিদ্যুৎ উৎপাদনে চাহিদার শতভাগ গ্যাস সরবরাহে অনিশ্চয়তা রয়েছে। তবে সে ক্ষেত্রে তেলচালিত কেন্দ্রগুলো বেশি চালিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হবে বলে মন্ত্রণালয় সূত্র জানায়।
সেচ মৌসুমে কৃষকদের জন্য আরেকটি বড় সমস্যা দেখা দেয় লো-ভোল্টেজ। লো-ভোল্টেজ থাকলে পাম্প যেমন চালু হয় না, তেমনি পাম্প চালু থাকা অবস্থায় লো-ভোল্টেজ হলে মোটর পুড়ে যায়। তবে এ বছর এই সমস্যা হবে না দাবি করে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, লো-ভোল্টেজ যাতে না হয়, সে জন্য উত্তরাঞ্চলের তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো দরকার হলে গভীর রাতেও চালু রাখা হবে।
তা ছাড়া রাজশাহীর কাটাখালী, বগুড়ার সান্তাহার ও সিরাজগঞ্জে তিনটি নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় ভোল্টেজ পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। সর্বোপরি অনেক লাইনে ‘ক্যাপাসিটর ব্যাংক’ (ভোল্টেজ বৃদ্ধির সহায়ক যন্ত্র) বসানো হয়েছে।
জানতে চাইলে বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম প্রথম আলোকে বলেন, সেচে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে গত বছরের চেয়েও ভালো অবস্থায় আছেন তাঁরা। সেচ গ্রাহকেরা যদি নির্ধারিত সময়ে (রাত ১০টা থেকে সকাল আটটা), এলাকাভিত্তিক পরিবীক্ষণ কমিটির আবর্তন (রোটেশন) পদ্ধতি মেনে পাম্প চালান, তাহলে সেচে কোনো সমস্যা হবে না।