বিদ্যুতের সংস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু
মানিকগঞ্জ সদর উপজেলায় গতকাল বুধবার পৃথক ঘটনায় বিদ্যুতের সংস্পর্শে ভবনের ছাদ থেকে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।ওই দুই শ্রমিক হলেন সদর উপজেলার দিয়ারা-ভবানীপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে আবুল কাশেম (১৮) ও নাটোরের সিংড়া উপজেলার টিপশাল গ্রামের গোলাম মোস্তফার ছেলে নূরুন্নবী (২৫)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণাধীন একটি ভবনের তৃতীয় তলায় ইট ভেজানোর কাজ করছিলেন নূরুন্নবী। এর একপর্যায়ে ভবনের পাশে ৩৩ কেভির একটি বিদ্যুতের তারে বিদ্যুায়িত হয়ে সেখান থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।এদিকে বিকেল পাঁচটার দিকে সদর উপজেলা পরিষদের কোয়ার্টারের দ্বিতল একটি ভবনের ছাদে পাইপ মেরামতের কাজ করছিলেন কাশেম। এ সময় ভবনের পাশে বিদ্যুতের তারের সঙ্গে লোহার পাইপ জড়িয়ে পড়লে কাশেম বিদ্যুায়িত হয়ে ছাদ থেকে পড়ে যান। তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুর ইসলাম প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।