বিদ্যুতের সঙ্গে ডিজেল-সংকট
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার করিয়া কলন্দা গ্রামের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের পাশের তিন বিঘা জমিতে বোরো আবাদ করছেন পতিবর রায় (৩২)। প্রচণ্ড পরিশ্রম ও নিয়মিত পরিচর্যায় খেতের চারাগুলো দ্রুত বেড়ে ওঠে। কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সেচ দেওয়ার সময় হলেও বরেন্দ্র গভীর নলকূপ দিয়ে সেচ দিতে পারছিলেন না তিনি।খেতের মাটি ফেটে যেতে শুরু করায় ডিজেলচালিত সেচযন্ত্রের মাধ্যমে সেচ দেওয়ার সিদ্ধান্ত নেন পতিবর। গ্রামের এক কৃষকের কাছ থেকে বিঘাপ্রতি এক হাজার টাকা হারে অগভীর সেচযন্ত্র ভাড়া করেন। কিন্তু সংকটের কারণে বাড়তি টাকায় ডিজেল কিনে সেচযন্ত্র সচল রাখতে গিয়ে এখন তিনি হিমশিম খাচ্ছেন। এটা শুধু বালিয়াডাঙ্গী উপজেলার করিয়া কলন্দা গ্রামের পতিবর রায়ের অবস্থা নয়। ঠাকুরগাঁও জেলার অনেক কৃষক লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎচালিত সেচযন্ত্র ছেড়েও চাহিদামতো ডিজেলের সরবরাহ না পেয়ে অগভীর সেচযন্ত্র দিয়ে সেচ দিতে দিশেহারা হয়ে পড়েছেন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে, জেলায় ৬৩ হাজার ৮২৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ইতিমধ্যে ৭০ হাজার ৪৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা দুই লাখ ৫৩ হাজার ৬৬৫ টন। এই লক্ষ্যমাত্রা অর্জনে জেলায় বিদ্যুৎচালিত এক হাজার ১৭৫টি গভীর পাম্প ব্যবহার করে জমিতে সেচ দেওয়া হচ্ছে। এ ছাড়া তিন হাজার ৬২৭টি অগভীর সেচযন্ত্র ব্যবহূত হচ্ছে। পাশাপাশি কৃষকেরা ৩৮ হাজার ৯৮০টি ডিজেলচালিত পাম্প দিয়ে বোরো জমিতে সেচ দিচ্ছেন।গত শনিবার বেলা ১১টার দিকে রানীশংকৈল উপজেলার ভান্ডরা গ্রামে গিয়ে দেখা গেছে, রাস্তার পাশের বিএমডিএর গভীর নলকূপের পাশে বোরো জমির আগাছা পরিষ্কার করছেন এক কৃষক। নলকূপের সামনে খড় পেতে বিশ্রাম নিচ্ছেন আরেক কৃষক আবদুুল আউয়াল (২৭)। তিনি পকেটে রাখা বিএমডিএর নলকূপের প্রি-পেইড কার্ড বের করে বলেন, ‘এই দেখেন কার্ড। কারেন্ট (বিদ্যুৎ) আসিবার নাম নেছেনি। তাই শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছি।’ কথা শুনে এগিয়ে আসেন দবিরুল ইসলাম (৩০)। তিনি বলেন, এই নলকূপের আওতায় যে পরিমাণ জমিতে বোরো আবাদ হচ্ছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেলে সব জমি সেচের আওতায় আনা সম্ভব। কিন্তু দিনে তিন থেকে পাঁচ ঘণ্টার বেশি একনাগাড়ে বিদ্যুৎ পাওয়া যায় না বলে সব জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। ফলে কৃষকেরা নিজ উদ্যোগে শ্যালোচালিত যন্ত্রের মাধ্যমে জমিতে সেচ দিচ্ছেন। পেট্রলপাম্পগুলোতে চাহিদা মতো ডিজেল পাওয়া যাচ্ছে না। কৃষকেরা খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত দরের চেয়ে লিটারপ্রতি পাঁচ-সাত টাকা অতিরিক্ত দরে ডিজেল কিনে সেচযন্ত্র সচল রাখছেন।শনিবার সকালে শহরের মেসার্স এনামুল হক ফিলিং স্টেশনে ডিজেল নিতে আসা কৃষকদের দীর্ঘ সারি দেখা গেছে। বাকি স্টেশনগুলো ছিল ডিজেলশূন্য। সে সময় সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের হরিপদ রায় (৪৫) জানান, পেট্রলের সরবরাহ স্বাভাবিক থাকলেও ডিজেল সংগ্রহ করতে পারছেন না কৃষকেরা। অপেক্ষা করে ডিজেল না পেয়ে তাই ফিরে গেছেন অনেক কৃষক। স্টেশনের মালিক এনামুল হক জানান, সকালে চার হাজার ৯৮৯ লিটার ডিজেল মজুদ ছিল। কৃষক ও যানবাহনের চাপে দুপুরের মধ্যে সব মজুদ ডিজেল শেষ হয়ে যাবে। তিনি আরও জানান, স্টেশনের দৈনিক ডিজেলের চাহিদা ১৫ হাজার লিটার হলেও ডিপো থেকে পাওয়া যাচ্ছে মাত্র চার হাজার ৫০০ লিটার। চাহিদামতো ডিজেল সরবরাহ না পাওয়ার অভিযোগ করেন মেসার্স চৌধুরী অ্যান্ড কোংয়ের ব্যবস্থাপক সুদাম সরকারও।এদিকে মেঘনা পেট্রোলিয়ামের পার্বতীপুর ডিপোর সুপারিনটেনডেন্ট মাহবুব আলম জানান, ঠাকুরগাঁওয়ের সব ফিলিং স্টেশনে চাহিদার তুলনায় কম হলেও নিয়মিত ডিজেল সরবরাহ করা হচ্ছে। তবে তাঁরা কেন ক্রেতাদের ডিজেল দিচ্ছেন না, সেটা তাঁরাই বলতে পারবেন।ঠাকুরগাঁও বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শামসুল হোদা বলেন, জেলায় এক হাজার ১৭৫টি গভীর নলকূপের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ না পেলেও কৃষকের জমিতে নিয়মিত সেচের পানি দিয়ে যাচ্ছেন।ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক মহাব্যবস্থাপক আরিফ আহমেদ বলেন, জেলায় বিদ্যুতের চাহিদা ৫২ মেগাওয়াট। কিন্তু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র ২০ মেগাওয়াট। তাই পর্যায়ক্রমে লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে।কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ফণীভূষণ রায় জানান, ডিজেল পর্যাপ্ত মজুদ থাকার পরও ফিলিং স্টেশনগুলো কেন কৃষকদের চাহিদামতো ডিজেল দিচ্ছে না, তা খতিয়ে দেখা হবে।