বিদ্যুতের সাব গ্রিড স্টেশন নির্মাণের দাবিতে অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটের কবল থেকে মুক্তি পেতে বরগুনায় সাব গ্রিড স্টেশন নির্মাণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি। গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও পেশাজীবী লোকজন অংশ নেন। সকাল ১০টার দিকে তারা জেলা শহরের সদর সড়ক থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। সেখানে ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে সমাবেশও হয়।
সমাবেশে বক্তব্য দেন নাগরিক সংরক্ষণ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিচুর রহমান, বরগুনার সাবেক মেয়র মো. শাহজাহান, ন্যাপ নেতা সুখরঞ্জন শীল, সাংবাদিক চিত্তরঞ্জন শীল ও মনির হোসেন, বেসরকারি সংস্থা জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনেয়ারা চম্পা প্রমুখ।
বক্তারা বলেন, সামান্য ঝড়-বৃষ্টি হলেই বরগুনায় বিদ্যুৎ-বিভ্রাট দেখা দেয়। পিরোজপুরের ভান্ডারিয়া সাবস্টেশন থেকে ৬২ কিলোমিটার পথ পেরিয়ে বরগুনায় যে বিদ্যুৎ দেওয়া হয়েছে, তার সংযোগ লাইন খুবই নাজুক। সামান্য বাতাস ও বৃষ্টি হলে দুই-তিন দিন পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এতে বরগুনার প্রায় ৩৬ হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়ে। বরগুনায় একটি সাব গ্রিড স্টেশন স্থাপন করা হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। এ স্টেশন নির্মাণের দাবিতে বরগুনাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। কিন্তু দাবি পূরণ হচ্ছে না। এবার তাঁরা স্টেশন নির্মাণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অবস্থান কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এ সময় তিনি বরগুনায় বিদ্যুতের সমস্যা অচিরেই সমাধান করা হবে বলে আন্দোলনকারী লোকজনকে আশ্বস্ত করেন। তিনি বলেন, ‘আমি আপনাদের সঙ্গে নিয়ে সরকারের উচ্চপর্যায়ে কথা বলব।’