বিদ্যুতের স্ফুলিঙ্গে ঝলসে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির সামনে উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে। তাই নিয়ে ঠিকাদারের সঙ্গে কথা বলছিলেন হোসেন আলী। সঙ্গে ছিল একমাত্র ছেলে আর ভাতিজা। হঠাৎ বৈদ্যুতিক স্ফুলিঙ্গ এসে ঝলসে দেয় তাঁদের। চারজনের ঠিকানা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।

ঘটনার দুদিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঠিকাদার আবদুস সাত্তার। আর ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ার পর গতকাল শুক্রবার সকালে হার মানে হোসেন আলীর সাত বছর বয়সী একমাত্র ছেলে মো. মাহদী হোসাইন। গত ২৫ মার্চ রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকার নতুনবাগে এ ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনাটি মুহূর্তের মধ্যে তছনছ করে দেয় দুটি পরিবারকে। পরিবারের অভিযোগ, তার ছেঁড়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পরও তারা তৎক্ষণাৎ ব্যবস্থা না নেওয়ায় ঘটনাটি ঘটেছে।

তালতলার নতুনবাগ এলাকার তিনতলা বাসাটিতে পরিবার নিয়ে হোসেন আলী ও তাঁর দুই ভাইয়ের আবাস। বাসাটি সম্প্রসারণের কাজের ঠিকাদারি নিয়েছিলেন আবদুস সাত্তার। তাঁর বাড়ি শরীয়তপুরে। মাহদী হাসান ছিল মালিবাগের সাউথ পয়েন্ট স্কুলের কেজি শ্রেণির ছাত্র। একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন বিভাগের কর্মকর্তা হোসেন আলী (৩৫) বার্ন ইউনিটের ভিআইপি কেবিনে আর তাঁর ভাতিজা আবিয়াদ হাসান জাবের (৯) একই ইউনিটের হাইডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার দিন বাড়ির গ্যারেজে বসে ছিলেন হোসেন আলীর আরেক ভাই আসাদুজ্জামান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ঘটনার বর্ণনা দিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘ওই দিন আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার দিকে ঘটনাটি ঘটে। তখন বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বাড়ির সামনে ১১ হাজার ভোল্টের দুটি তার ছিঁড়ে রাস্তার ওপর পড়ে। একটি তার আরেকটির ওপর পড়ে ছিল। বিষয়টি তৎক্ষণাৎ আমার ভাই (আহত হোসেন আলী) ফোন দিয়ে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষকে (ডিপিডিসি) জানায়। এরপর সে মূল গেটের ভেতরে দাঁড়িয়ে কথা বলছিল।’

আসাদুজ্জামান বলেন, ‘তার দুটো ছিঁড়ে গেটের বাইরে রাস্তার ওপর পড়ে ছিল। গেটটিও বন্ধ ছিল। শুধু পকেট গেটটি খোলা ছিল। হঠাৎ দেখলাম একটি তীব্র স্ফুলিঙ্গ ছুটে এল। সেকেন্ডের মধ্যে ঘটনাটি ঘটল। চারজনই চিৎকার দিয়ে মাটিতে গড়াগড়ি শুরু করল। এই ঘটনারও ৩০-৪৫ মিনিট পর তার মেরামতের জন্য ডিপিডিসি থেকে লোক আসে।’ তাঁর দাবি, অভিযোগ করার সঙ্গে সঙ্গে যদি বিদ্যুতের সংযোগ বন্ধ করা হতো, তবে এ ঘটনাটি ঘটত না।