বিদ্যুতের ১০ কিলোমিটার সঞ্চালন লাইন গাছের সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদুতিক খুঁটি ছাড়াই গাছ ও বাঁশের সঙ্গে টানা হয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন। আর গ্রাহকেরা বাঁশের খুঁটি থেকে তা নামিয়ে সংযোগ নিয়েছেন বাড়িতে। এমন ঝুঁকিপূর্ণ সংযোগ ও সঞ্চালন লাইনের বিদ্যুৎ ব্যবহার করে প্রায় ৭০০ গ্রাহক নিয়মিত বিলও পরিশোধ করছেন। বরগুনা সদর উপজেলার তিনটি গ্রামে এ রকম প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঝুঁকিপূর্ণ সঞ্চালন লাইন থেকে গ্রাহকদের দেওয়া হয়েছে বিদ্যুৎ-সংযোগ। ভুক্তভোগীরা জানান, পাঁচ-ছয় বছর ধরে এভাবেই চলছে বিদ্যুৎ সরবরাহের কাজ। অনিরাপদ এই সঞ্চালন লাইনের তার ছিঁড়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। তবে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসীর মধ্যে সারাক্ষণই থাকে আতঙ্ক। অথচ বিদ্যুৎ বিভাগের এ নিয়ে কোনো মাথাব্যথা নেই।খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের পূর্ব ধুপতি গ্রামে প্রায় তিন কিলোমিটার ও একই ইউনিয়নের ভূতমারা গ্রামের সাড়ে তিন কিলোমিটার, সদর ইউনিয়নের হেউলিবুনিয়া গ্রামের প্রায় সাড়ে তিন কিলোমিটারসহ ১০ কিলোমিটার সঞ্চালন লাইন রয়েছে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায়। আর এসব গ্রামে প্রায় সাড়ে ৭০০ গ্রাহক এই সঞ্চালন লাইন থেকে নাজুক বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ সংযোগ টেনে নিয়েছেন বাড়িতে। পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান ওজোপাডিকোর আওতায় যেনতেন সঞ্চালন লাইন থেকে এসব গ্রাহককে বছরের পর বছর বিদ্যুৎ সরবরাহ হচ্ছে।পূর্ব ধুপতি গ্রামের বাসিন্দারা জানান, গ্রামীণ এসব রাস্তার পাশের গাছ দিয়ে এসব বিদ্যুৎসংযোগ টানা হয় ২০০৫ সালে। এসব রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী ও বিদ্যালয়গামী শিক্ষার্থী যাতায়াত করে। নাম প্রকাশে অনিচ্ছুক ধুপতি গ্রামের কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, শুরু থেকে তাঁরা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে এলেও গ্রামের কোথাও গত পাঁচ-ছয় বছরে একটি খুঁটিও বসায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ব্যাপারে ধরনা দিয়েও কোনো ফল পাওয়া যায়নি। এমনকি ঝড়ে বা অন্য কোনো কারিগরি জটিলতায় সংযোগে ত্রুটি দেখা দিলে খবর দেওয়ার পরও বিদ্যুৎ বিভাগের কর্মীরা মেরামতের জন্য আসেন না। ভূতমারা গ্রামের গ্রাহক মো. আনছার উদ্দীন জানান, বিদ্যুৎ কর্তৃপক্ষ খুঁটি না বসিয়ে গাছের ওপর বিদ্যুৎ সঞ্চালন লাইন টেনে বিদ্যুৎ সরবরাহ করছেন। বার বার তাগিদ দেওয়া সত্ত্বেও বিদ্যুতের খুঁটি বসানো হচ্ছে না। সব সময় এ নিয়ে আতঙ্কের মধ্যে থাকতে হয়।নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত এক নির্বাহী প্রকৌশলী প্রথম আলোকে জানান, জীবন্ত গাছের সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা বিদ্যুৎপ্রবাহ আইন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নীতিমালার পরিপন্থী। কারণ জীবন্ত গাছ এমনিতেই অতিমাত্রায় বিদ্যুৎ পরিবাহী। আর বর্ষা মৌসুমে ভিজা গাছে তা আরও বেশি পরিবাহী হয়। ২৪০ ভোল্টের সংযোগ তার ছিঁড়ে গেলে এতে পুরো গাছ বিদ্যুতায়িত হয়ে শর্টসার্কিট এমনকি পুরো এলাকা বিদ্যুতায়িত হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে বিদ্যুতেরও প্রচুর অপচয় হয়।জানতে চাইলে বরগুনা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু মো. ইউনুস বলেন, চার-পাঁচ বছর আগে এসব এলাকায় বৈদ্যুতিক খুঁটি দিয়ে সঞ্চালন লাইন টানার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু ঠিকাদারের অনীহার কারণে সে প্রকল্প আর এগোয়নি। তবে বর্তমানে একটি প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। ওই সব এলাকাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। অল্প দিনের মধ্যেই এসব এলাকায় খুঁটি স্থাপন ও অন্যান্য কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।