বিদ্যুতের ‘বিশৃঙ্খলা’য় বিপর্যস্ত নান্দাইলবাসী
ময়মনসিংহের নান্দাইল পৌর সদরের বাসিন্দারা বিদ্যুৎ নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। প্রতি দুই ঘণ্টা অন্তর বাধ্যতামূলক লোডশেডিং দেওয়ার পাশাপাশি এর মাঝের সময়টুকুতেও শহরবাসী বিদ্যুৎ পাচ্ছে না। এতে দিনের বেশির ভাগ সময়ই স্থানীয় লোকজনকে থাকতে হচ্ছে বিদ্যুৎবিহীন। ‘শহরের বেশ কয়েকজন বাসিন্দা জানান, উৎপাদন কম থাকায় লোডশেডিং হবে—এটা আমরা মেনে নিয়েছি। কিন্তু ঘণ্টা খানেকের মধ্যে ১৫ থেকে ১৮ বার বিদ্যুতের যাওয়া-আসা কোনোভাবেই মানা যায় না। এতে করে বিদ্যুতের ওপর নির্ভরশীল কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। জেএসসি, প্রাথমিক সমাপনী ও এসএসসি পরীক্ষার্থীরা পড়ালেখা করতে পারছে না।’ নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ান আবদুর রশিদ বলেন, দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় তাঁরা হাসপাতালের ওষুধ সংরক্ষণকারী রেফ্রিজারেটরের সঠিক তাপমাত্রা বজায় রাখতে পারছেন না। এতে জরুরি ওষুধ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে।স্থানীয় ব্যবসায়ী রঞ্জিত চৌহান বলেন, বিদ্যুৎ বিভাগ লোডশেডিংয়ের বেলায় ঠিকমতো দায়িত্ব পালন করলেও বিদ্যুৎ সরবরাহের সময় তা করছে না। মুশুলি গ্রামের কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, তাঁরা দিন-রাত মিলিয়ে চার-পাঁচ ঘণ্টার বেশি বিদ্যুৎ পান না।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার জানান, ‘বিদ্যুৎই পাই না। এর পরিস্থিতি নিয়ে আর কী মন্তব্য করব?’ এ বিষয়ে নান্দাইল পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবুল কালাম আজাদ বলেন, ‘জাতীয় গ্রিড থেকে লোডশেডিং নিয়ন্ত্রণ করা হচ্ছে। স্থানীয়ভাবে আমাদের কিছুই করার নেই। তবে হঠাৎ করে কোনো এলাকায় ত্রুটি দেখা দিলে মেরামতের জন্য ফিডার বন্ধ রাখা হতেই পারে।’