বিদ্যুতের 'মনগড়া বিল ও হয়রানি'র প্রতিবাদ
বিদ্যুতের মনগড়া বিল এবং গ্রাহকদের হয়রানি করার প্রতিবাদে গাইবান্ধায় গতকাল সোমবার সমাবেশ করা হয়। পরে সমাবেশে অংশগ্রহণকারীরা বিদ্যুৎ বিতরণ বিভাগ কার্যালয় ঘেরাও করেন।
গাইবান্ধা বিদ্যুৎ গ্রাহক ও সেচ মোটর মালিক সমিতি এ কর্মসূচির আয়োজন করে। শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সমিতির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্ব করেন। এ সময় বক্তারা বলেন, বিদ্যুৎ খরচের হিসাব সংরক্ষণের জন্য গ্রাহকের মিটার থাকা আবশ্যক। কিন্তু গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের অধীনে থাকা দুই হাজারের বেশি সেচপাম্পে কোনো মিটার নেই। এ সুযোগে মনগড়া বিল করছেন বিতরণ বিভাগের কর্মকর্তারা। ফলে অতিরিক্ত বিল পরিশোধ করতে কৃষকের নাভিশ্বাস উঠেছে। এ ছাড়া যাঁদের চার হর্স পাওয়ারের পাম্প আছে, তাঁদের প্রতি মাসে ছয় হর্স পাওয়ারের পাম্পের বিল দেওয়া হচ্ছে।
সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মুবিনুল হক, জেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, পল্লী বিদ্যুৎ গ্রাহক ও সেচমালিক সমিতির সভাপতি মুসুদুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে বেলা দুইটার দিকে সমাবেশে অংশ নেওয়া ব্যক্তিরা গাইবান্ধা বিতরণ বিভাগ কার্যালয় ঘেরাও করেন। এ সময় তাঁরা নিয়ম অনুযায়ী বিল দেওয়া এবং হয়রানি বন্ধ করার স্লোগান দেন। এরপর তাঁরা মিটার ছাড়া করা অতিরিক্ত বিল বাতিলসহ ১২ দফা দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রংপুরের প্রধান প্রকৌশলীকে স্মারকলিপি দেন।
জেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, এসব সমস্যা দীর্ঘদিনের। এগুলো সমাধানে তিন সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর সমাধানের ব্যবস্থা করা হবে।