বিদ্যুত্-সংযোগ না পেয়ে প্রকৌশলীকে মারধর
রংপুর বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীকে মারধর করেছে সন্ত্রাসীরা। বিদ্যুত্-সংযোগ না দেওয়ায় সন্ত্রাসীরা তাঁর কার্যালয় কক্ষে ঢুকে গতকাল বুধবার এ হামলা চালায়।
সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেছেন অফিস ক্যাম্পাসে।
রংপুর বিদ্যুত্ উন্নয়ন বোর্ড থেকে জানা গেছে, নগরের জাহাজ কোম্পানি এলাকায় ক্ষুদ্র শিল্পে বিদ্যুত্-সংযোগ নেওয়ার জন্য রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি আবেদন করেন কয়েক দিন আগে। এরপর প্রকৌশলী ও মিটার রিডাররা সেখানে গিয়ে দেখেন, ওই সংযোগ দিতে হলে সেখানে একটি নতুন ট্রান্সমিটার বসাতে হবে। তাঁরা এ প্রতিবেদন জমা দেন ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর কাছে।
এরপর গতকাল বুধবার বিকেল তিনটার দিকে রফিকুল ইসলাম ১২-১৩ জন সন্ত্রাসী নিয়ে নগরের শাপলা চত্বর এলাকায় বিদ্যুত্ কার্যালয়ে এসে সোজা চলে যান রংপুর বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগ-১-এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী নুর ইসলামের কক্ষে। কক্ষে ঢুকেই সন্ত্রাসীরা প্রকৌশলীকে কলার ধরে মারধর শুরু করে এবং টেনে কার্যালয় থেকে বের করার চেষ্টা চালায়। তাঁর চিত্কারে অন্য কর্মকর্তা-কর্মচারীরা ছুটে আসেন। সন্ত্রাসীরা যাওয়ার সময় হত্যার হুমকি দিয়ে যায় বলে অভিযোগ করেন প্রকৌশলী নূর ইসলাম। বর্তমানে ওই প্রকৌশলী নিরাপত্তাহীনতায় রয়েছেন। ঘটনার পরপরই নুর ইসলাম পুলিশ সুপারকে বিষয়টি জানান। এরপর পুলিশ সেখানে ছুটে আসে।
সংযোগ নেওয়ার আবেদনকারী রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, টাকা না দেওয়ায় তাঁর সংযোগটি দিচ্ছেন না ওই প্রকৌশলী। প্রকৌশলীকে মারধরের ঘটনা তিনি অস্বীকার করেন।
নুর ইসলাম সন্ত্রাসী আজাদসহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘আমার কলার ধরে সন্ত্রাসীরা মারধর করে।’
কোতোয়ালি থানার ওসি সাহাবুদ্দিন খলিফা জানান, ‘এখনো ওই ব্যাপারে কোনো মামলা হয়নি। তবে বিষয়টি জেনেছি।’