বিদ্যুত্সহ অর্থনৈতিক উন্নয়নে সহায়তা দেবে আইএমএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিদ্যুত্, জ্বালানি, অবকাঠামো উন্নয়ন ও গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা দেবে। আইএমএফের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক অনুপ সিং গতকাল মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্কালে এ কথা বলেন। তাঁরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। আলোচনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুসহ বিভিন্ন সেতু নির্মাণ, রেল ও সড়ক পথ উন্নয়ন এবং ঢাকা শহরের যানজট নিরসনের জন্য তাঁর সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তাঁর সরকার দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য অচিরেই এসব প্রকল্প বাস্তবায়নে বদ্ধপরিকর। তিনি এ ব্যাপারে আইএমএফের সহযোগিতা প্রত্যাশা করেন।পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, আইএমএফের পরিচালক বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশে অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করেন। অনুপ সিং বলেছেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য যে নীতি গ্রহণ করেছে তা খুবই চমত্কার। এই নীতির কারণে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। তিনি এ ব্যাপারে বাংলাদেশকে আইএমএফের সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। আইএমএফের পরিচালক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।আলোচনাকালে দেশের জনগণের সার্বিক কল্যাণে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ক্ষেত্রে বিদ্যুত্ ও জ্বালানি সংকট বাঁধা হয়ে দাঁড়িয়েছে। তিনি সংকট মোচনে তাঁর সরকারের নেওয়া কয়েকটি পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, ইতিমধ্যেই অবস্থার উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রী বিদ্যুত্সংকট মোকাবিলায় সফলতা অর্জনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও গত অর্থবছরে বাংলাদেশ ৫ দশমিক ৫ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছিল উল্লেখ করে তিনি আশা প্রকাশ করে বলেন, এবার আরও বেশি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে। শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনে নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, তাঁর সরকার সামাজিক নিরাপত্তা গড়ে তোলার লক্ষ্যে বয়স্ক-ভাতা, বিধবা-ভাতা, দুস্থ মুক্তিযোদ্ধা-ভাতা এবং আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।অর্থসচিব মোহাম্মদ তারেক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও বিশেষ সহকারী আবদুস ছোবহান গোলাপ এ সময় উপস্থিত ছিলেন। বাসস।