বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর গ্রামে মাটি থেকে লোহার রড টেনে তোলার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছে এক দম্পতি। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন হামিদুল ইসলাম (৫৫) ও তাঁর স্ত্রী এজিদা বেগম (৪২)। হামিদুল রিকশা ভ্যানচালক। তাঁদের দুই সন্তান রয়েছে।

নিহত হামিদুলের চাচাতো ভাই উজ্জ্বল হোসেন প্রথম আলোকে বলেন, হামিদুল ইসলামের বাড়ির নলকূপের পাইপের সঙ্গে লোহার রড পোঁতা ছিল। সকাল নয়টার দিকে হামিদুল ইসলাম ও স্ত্রী এজিদা বেগম লোহার রডটি মাটির ভেতর থেকে ওঠানোর কাজ করছিলেন। ওই রডটি ঘরের টিনের চালার সঙ্গে ঠেকে যায়। শর্টসার্কিটের কারণে টিনের চালাটি বিদ্যুতায়িত থাকায় তাঁরা বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আটকে যান। প্রতিবেশীরা গিয়ে  বাঁশ দিয়ে ধাক্কা দিয়ে তাঁদের আলাদা করেন। পরে  দুজনকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত কুমার দাস প্রথম আলোকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই হামিদুল ও তাঁর স্ত্রী এজিদা মারা যান। বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তাঁরা মারা গেছেন।