বিদ্যুত্স্পৃষ্টে দুই সহোদরের মৃত্যু
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আজ শুক্রবার বিদ্যুত্স্পৃষ্টে মর্তুজ আলী (৬২) ও মুক্তার আলী (৬০) নামের দুই সহোদরের মৃত্যু হয়েছে। তাঁদের বাঁচাতে গিয়ে আহত হন তিনজন।
সকাল আটটায় উপজেলার কালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাম খাঁ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত তিনজন হলেন নিহত ব্যক্তিদের ভগ্নিপতি হাবিবুর রহমান (৪০), ভাতিজা খলিলুর রহমান (৩৮) ও আজাহার আলী (৩৫)। তাঁদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত দুই ভাইয়ের প্রতিবেশী রাম খাঁ গ্রামের স্কুলশিক্ষক আবুল কালাম জানান, নিজেদের তৈরি সিমেন্টের খুঁটি দিয়ে বাড়িতে বিদ্যুত্-সংযোগ নেয় ওই পরিবার। বৃষ্টির মধ্যে আজ সকালে ওই খুঁটিটি হেলে পড়ে। ওই দুই বৃদ্ধ হেলে পড়া খুঁটি সোজা করতে গেলে বিদ্যুতায়িত হয়ে থাকা খুঁটি থেকে প্রথমে মুক্তার আলী ও পরে মর্তুজ আলী বিদ্যুত্স্পৃষ্ট হন। তাঁদের বাঁচাতে গিয়ে আরও তিনজন আহত হন।
প্রতিবেশীরা তড়িঘড়ি করে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সা কর্মকর্তা আবদুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।