বিদ্যুেকন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদে মানববন্ধন
দরপত্র জমা নেওয়ার পরও রাজশাহীতে বিদ্যুেকন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিলের খবরে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বানে মেয়রসহ রাজশাহীর সর্বস্তরের মানুষ গত বুধবার রাজপথে নেমে আসে। রাজশাহী মহানগরের জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান দাবি আদায়ের জন্য জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের ঘোষণাও দেন।সমাবেশে বক্তারা বলেন, রাজশাহীর কাটাখালীতে ভাড়ার ভিত্তিতে ৫০ মেগাওয়াট ও পিক-আওয়ারে সরবরাহের জন্য ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের প্লান্ট স্থাপনের সম্ভাবনা যাচাইয়ের জন্য দরপত্র আহ্বান ও জমা নেওয়া হয়। কিন্তু কয়েক দিন আগে সারা দেশের মোট সাতটি বিদ্যুেকন্দ্রের মধ্যে শুধু রাজশাহীরটি বাদ দিয়ে বাকিগুলোর অনুমোদন দেওয়া হয়। গত মঙ্গলবার এ খবর রাজশাহীতে ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।গত বুধবার বেলা ১১টা থেকে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধনে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জমান বলেন, স্বাধীনতার পর থেকে আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত দেখিয়ে রাজশাহীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। দাবি আদায়ের জন্য তিনি প্রয়োজনে রাজশাহীর জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের হুমকি দেন।মানববন্ধন-উত্তর সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান। অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবু বাক্কার আলী, সাংবাদিক লিয়াকত আলী, নারীনেত্রী কল্পনা রায় প্রমুখ।জামাত খান বলেন, বর্তমান মহাজোট সরকারে রাজশাহীর সবকটি আসনের আওয়ামী লীগের সাংসদ ও মেয়র থাকলেও রাজশাহীর উন্নয়নকে বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, মূল্যায়ন কমিটির সদস্যরা কাটাখালী বিদ্যুতের প্লান্ট কয়েক দফায় পরিদর্শনের পরও প্রকল্পটির জন্য সুপারিশ করেননি। ফলে প্রকল্পটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তালিকা থেকে বাদ পড়েছে।