আওয়ামী লীগের তৃণমূল নেতাদের মন্তব্য
বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নয়ে জনগণের কথা শুনতে হচ্ছে
বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের কথা শুনতে হচ্ছে। এই তিন সমস্যার উত্তরণ ঘটাতে না পারলে ভবিষ্যতে সংসদ নির্বাচনে দলকে বিপদে পড়তে হবে। এই মুহূর্তে নির্বাচন হলে গত সংসদ নির্বাচনে জয়ী হওয়া তিনটি আসনের মধ্যে মাত্র একটিতে আওয়ামী লীগের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চার ভাগের তিন ভাগেই বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়লাভ করবেন।গতকাল বুধবার মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরা কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এভাবেই নিজেদের আশঙ্কার কথা ব্যক্ত করেন।বর্ধিত সভায় তৃণমূল নেতা-কর্মীরা আরও বলেন, মুন্সিগঞ্জের সাংসদদের সঙ্গে জেলা নেতাদের দূরত্ব রয়েছে। সভায় তৃণমূল নেতা-কর্মীরা দলের অভ্যন্তরীণ বিরোধের কথা তুলে ধরেন। এই বিরোধ অবসানে কেন্দ্রীয় নেতাদের ভূমিকা রাখার পরামর্শ দেন তাঁরা।জানা যায়, ২০০৮ সালে সর্বশেষ মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছিল। আর ১৯৯৪ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়।গতকালের বর্ধিত সভায় ইউপি ও পৌর নির্বাচনের ওপর গুরুত্বারোপ করা হয়। এই মুহূর্তে ইউপি ও পৌর নির্বাচন দিলে দলের অবস্থা কী দাঁড়াবে, সে বিষয়ে মতামত গ্রহণ করা হয়।বেলা ১১টায় শুরু হয়ে বর্ধিত সভা চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন। সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, জাতীয় সংসদের হুইপ ও মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন, মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ এম ইদ্রিস আলী, মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মমতাজ বেগম প্রমুখ।বর্ধিত সভার শুরুতে জাহাঙ্গীর কবির নানক বলেন, জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হলেও দলীয় সভানেত্রীর নির্দেশে এখানে তৃণমূল পর্যায় থেকে নেতা-কর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে। দলীয় সভানেত্রী তাঁদের কথা শুনতে চান।মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ বলেন, আওয়ামী লীগ এত বড় একটি দল, অথচ এখানে দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের কোনো কার্যালয় নেই।সভায় টঙ্গিবাড়ী উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের সভাপতি আবদুর রহিম বলেন, ‘বিদ্যুৎ নিয়ে আমরা নাজেহাল। জনগণের কাছে আমরা কোনো জবাব দিতে পারছি না।’ লৌহজং উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, আগামী নির্বাচনে বিদ্যুৎ নিয়ে সমস্যায় পড়তে হবে। এই মুহূর্তে ইউনিয়ন পরিষদের নির্বাচন হলে চার ভাগের মধ্যে মাত্র এক ভাগে জিতবে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী, বাকি তিন ভাগেই জিতবে বিএনপি। লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি। দলকে গতিশীল করতে হলে জেলা ও থানাগুলোতে অচিরেই সম্মেলন করতে হবে।সভায় গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান দেওয়ান বলেন, গজারিয়ায় আওয়ামী লীগের কোনো চেইন অব কমান্ড নেই। এখানে আওয়ামী লীগ তিন ভাগে বিভক্ত। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ‘আপনারা শিগগিরই বিদ্যুৎ ও গ্যাস পাবেন। সবকিছু তো নিয়ে গেছেন ওই মহিলা। তাঁর ছেলে স্যুটকেসভরা টাকা নিয়ে বিদেশে চলে গেছেন।’