বিদ্যুৎ অপচয় করে রংপুরে ডিসির টেনিস খেলা নিষেধ
সারা দেশে প্রচণ্ড বিদ্যুৎ-সংকট, রংপুরের জেলা প্রশাসক (ডিসি) রাতে ফ্লাড লাইট জ্বালিয়ে টেনিস খেলেন। হাইকোর্ট তাঁকে বিদ্যুৎ অপচয় করে লন টেনিস না খেলতে নির্দেশ দিয়েছেন। এর মেয়াদ তিন মাস। ওই জেলা প্রশাসকের বিরুদ্ধে ১৯১০ সালের বিদ্যুৎ আইনে ব্যবস্থা নেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আগামী তিন সপ্তাহের মধ্যে সংস্থাপন সচিব, বাণিজ্যসচিব, বিদ্যুৎ মন্ত্রণালয় ও রংপুরের জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে। এতে প্রতিটি সিটি করপোরেশনে একটি ‘পরিদর্শন দল’ গঠন করে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ অপচয় বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়।