বিদ্যুৎ আছে, তবু লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড দাবদাহের মধ্যে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ভোলার বাসিন্দাদের ঘুম কেড়ে নিয়েছে। বিদ্যুতের অভাবে দিনে গোসলের পানি জোগানোও তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। দুই মাস ধরে চলছে এ অবস্থা। অথচ ভোলা জেলায় চাহিদার চেয়েও ৪৪ মেগাওয়াট বেশি বিদ্যুৎ থাকার কথা।
এ জেলায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ওয়েস্টার্ন জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ও পল্লী বিদ্যুৎ সমিতি উচ্চক্ষমতার সঞ্চালন লাইন স্থাপন না করায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যুৎ কার্যালয়গুলোর তথ্য অনুযায়ী, ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে প্রায় ৮০ হাজার গ্রাহক আছেন। আর ওজোপাডিকোর অধীনে ভোলা, বোরহানউদ্দিন ও চরফ্যাশনে আছেন ৩৫ হাজার গ্রাহক। গ্রাহকের প্রয়োজন মেটাতে ওজোপাডিকোর ১২ এবং পল্লী বিদ্যুৎ সমিতির ১৮ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন।
ওজোপাডিকোর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভোলায় বেসরকারি ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ৫৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এ ছাড়া বরিশাল-ভোলা এবং পটুয়াখালী-ভোলা ৩৩ কেভি লাইন দিয়ে আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা। বর্তমানে বরিশাল-ভোলা লাইনটি বন্ধ থাকায় ১০ মেগাওয়াট বিদ্যুৎ কম সরবরাহ হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওজোপাডিকোর কয়েকজন প্রকৌশলী জানান, ভোলায় মোট বিদ্যুতের চাহিদা ৩০ মেগাওয়াট। বিদ্যুৎ পাওয়ার কথা সব মিলিয়ে ৭৪ মেগাওয়াট। তারপরও এই জেলার ৮০ শতাংশ গ্রাহক চরম বিদ্যুৎ-সংকটের মধ্যে আছেন।
দৌলতখান ভবানীপুরের বাসিন্দা প্রভাষক জয়নাল ফরাজি বলেন, দুর্ভোগ সইতে না পেরে এলাকাবাসী গত ২০ মে দৌলতখান বিদ্যুৎ কার্যালয়ে হামলা করেছে।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তারা বলেন, বিদ্যুৎ না থাকায় রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঠিকমতো পানিও পাওয়া যাচ্ছে না।
চরফ্যাশন বাজার ব্যবসায়ী সূত্র জানায়, দু মাস ধরে দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না। রাতে ১০-১১টার দিকে বিদ্যুৎ এসে ঘণ্টাখানেক থেকে আবার চলে যাচ্ছে। মুঠোফোন, ল্যাপটপ পর্যন্ত ঠিকমতো চার্জ দেওয়া যাচ্ছে না। চরফ্যাশন পৌর এলাকার বাসিন্দা শিক্ষক হারুন অর রশিদ বলেন, ‘গরমে রাতে ঘুমাতে পারি না। সকালে মোটরসাইকেল চালিয়ে গ্রামে গিয়ে পুকুরে গোসল করে আসি। দিনেরও বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছে না।’
ভোলা নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিন বলেন, ‘ভোলায় বর্তমানে বিদ্যুৎ নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে তা ওজোপাডিকো আর পল্লী বিদ্যুৎ সমিতির সৃষ্টি। তারা ৩০-৩৫ বছরের পুরোনো সরবরাহ লাইন ও ফিডারে বিদ্যুৎ বিতরণ করছে। এগুলো সংস্কার না করে গ্রাহক বাড়ানো হয়েছে। তাই পর্যাপ্ত বিদ্যুৎ থাকার পরও লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
ভোলা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. আলী বলেন, গ্রাহকেরা রেফ্রিজারেটর, টেলিভিশন চালানোর পাশাপাশি বিপুল পরিমাণ অটোরিকশার ব্যাটারি চার্জ করতে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করছেন। এতে ট্রান্সমিটারে বিদ্যুতের লোড বাড়ছে। জেলার প্রতিটি ট্রান্সমিটার ১৪০ এমপিআর লোড নিতে পারে। চাহিদা বেড়ে যাওয়ায় সেটি ২৫০ এমপিআর বিদ্যুতের লোড নিতে গিয়ে পুড়ে যাচ্ছে। গত এক সপ্তাহে পাঁচটি ট্রান্সমিটার বিকল হয়েছে। এসব ট্রান্সমিটার খুলনা থেকে আনতে হয়। এ জন্য সময় লাগে।
পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক কেফায়েত উল্যাহ বলেন, ‘ভোলার পল্লী বিদ্যুৎ সমিতির সরবরাহ লাইনের ধারণক্ষমতা বাড়াতে অর্থাৎ ১১ থেকে ৩৩ কেভি লাইনে উন্নীত করার কাজ চলছে। এখন ১৮-২০ মেগাওয়াট বিদ্যুৎ নিতে গেলেও তার পুড়ে যাচ্ছে। আশা করি, খুব শিগগির সমস্যা দূর হবে।’
জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ সমিতির সৃষ্ট সমস্যার সমাধান দরকার। নইলে ভোলাবাসীর দুর্ভোগ কমবে না।