বিদ্যুৎ আছে, বাতি জ্বলে না, ভরসা হারিকেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গ্রাহকেরা সময়মতো বিদ্যুৎ বিল মেটান। কিন্তু তাঁরা বিদ্যুতের সেবা তেমন পাচ্ছেন না। সেখানে চার বছর ধরেই চলছে লো-ভোল্টেজ। ফলে বাল্বের ফিলামেন্টটুকুই কেবল জ্বলে। বিদ্যুতের এমন বেহালে ক্ষুব্ধ ওই ওয়ার্ডের সাত মহল্লার বাসিন্দারা। তাই গ্রামের বাড়িগুলোতে কোথাও হারিকেন, কোথাও মোমবাতি আবার কোথাও ভরসা কেরোসিনের কুপি।
ওই ওয়ার্ডের অন্তত সাত-আটজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, এই ৩ নম্বর ওয়ার্ডে প্রায় চার হাজার মানুষের বসবাস। চার বছর আগে সেখানে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। তখন মহল্লাবাসী খুশিতে আত্মহারা হয়েছিলেন। কিন্তু তাঁদের মুখের সেই হাসি বেশি সময় থাকেনি। ঘরে ঘরে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার পরই মুখের সেই হাসি মিলিয়ে যায়। শীত মৌসুমে সামান্য কিছু আলো পাওয়া গেলেও গরম ও সেচ মৌসুমে বাল্ব থেকে যে আলো বের হয়, তা দিয়ে ঘরের অন্ধকারই কাটে না। নজিরবিহীন লো-ভোল্টেজের জন্য তাঁরা অসহায় হয়ে পড়েছেন। বিদ্যুৎ-সংযোগের প্রথম থেকেই এ সমস্যা মেটাতে বহুবার তাঁরা কখনো বিদ্যুৎ অফিসে কখনো বিভিন্ন নেতার কাছে ধরনা দিচ্ছেন। কিন্তু কোনো কাজ হচ্ছে না। বিভিন্ন সমস্যার কথা বলে কর্তৃপক্ষ দায়সারা গোছের উত্তর দেন। আবার কখনো ‘এই হবে, হচ্ছে’ ধরনের কথা বলে বিদায় করেন।
খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যুৎ-সংযোগ দেওয়ার সময় ওই মহল্লায় এক তারের লাইন টানানো হয়। অনেক জায়গায় আবার খোলা তারেও এ লাইন টানানো রয়েছে। তার ওপর মহল্লা থেকে ট্রান্সফরমারের দূরত্ব বেশি। এই দুই কারণে লো-ভোল্টেজের অসহনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। তখন থেকেই মহল্লার সামনে নতুন একটি ট্রান্সফরমার বসানো ও কমপক্ষে দুই তারের লাইন টানানোর দাবি জানিয়ে আসছেন গ্রাহকেরা।
৮ মার্চ রাতে ওই ওয়ার্ডের গরীবপুর ও পাইকপাড়া মহল্লায় সরেজমিনে দেখা যায়, বিদ্যুৎ থাকলেও লো-ভোল্টেজ এতটাই মারাত্মক, ঠিকমতো নিজের হাতটুকুও দেখা যায় না। তাই গ্রামের বাড়িগুলোতে কোথাও হারিকেন, কোথাও মোমবাতি আবার কোথাও কেরোসিনের কুপি জ্বলছে।
গরীবপুর মহল্লার এমরান আলী (৪৫) বলেন, ‘আমাদের মহল্লায় ভোল্টেজের যা অবস্থা, তাতে বাল্বের পাশাপাশি আমাদের মোমবাতি, হারিকেনও জ্বালাতে হয়। এ রকম বিদ্যুৎসেবার জন্য ছেলেমেয়েদের লেখাপড়ার ক্ষতি তো হচ্ছেই, সেই সঙ্গে বিদ্যুতের সঙ্গে জড়িত কোনো কাজই করা যাচ্ছে না।’
গৃহবধূ আনোয়ারা বেগম (৪৫) বলেন, তাঁদের বাড়িতে বিদ্যুতের এ অবস্থার কারণে গরমের সময় আত্মীয়স্বজন বেড়াতে পর্যন্ত আসেন না।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমিনুল ইসলাম বলেন, স্থানীয় বিদ্যুৎ অফিসে গিয়ে একাধিকবার সমস্যার কথাটি বলা হয়েছে। কিন্তু আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি।
এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শিবগঞ্জের আবাসিক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবদুল খালেক বলেন, ‘আমি সাময়িকভাবে দায়িত্ব নিয়েছি। এরপরও বিষয়টির খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পর থেকেই ওই ওয়ার্ডে বিদ্যুতের লো-ভোল্টেজ সমস্যাটা সমাধানের জন্য চেষ্টা করছি। আশা করছি কিছুদিনের মধ্যেই এর সমাধান হবে।’