দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট বিমসটেক কাঠামোর আওতায় সাতটি দেশের মধ্যে বিদ্যুৎ আদান-প্রদানে সমঝোতা হয়েছে। সমঝোতা স্মারকের (এমওইউ) একটি খসড়াও চূড়ান্ত করা হয়েছে।সংক্ষিপ্ত নাম বিমসটেক হিসেবে বেশি পরিচিত ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ জোটের বিদ্যুৎ আদান-প্রদান বিষয়ে টাস্কফোর্সের সভায় এই সমঝোতা ও এমওইউর খসড়া চূড়ান্ত করা হয় বলে সরকারি সূত্রে জানা গেছে। গতকাল মঙ্গলবার ঢাকায় দুই দিনের এ সভা শুরু হয়েছে। এটি ওই টাস্কফোর্সের তৃতীয় সভা। সভায় দেশগুলোর সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।গতকাল সকালে একটি অভিজাত হোটেলে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎসচিব আবুল কালাম আজাদ। বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ খাতে সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, সাতটি দেশের মধ্যে বিদ্যুৎ গ্রিড সংযোগ এই অঞ্চলে জ্বালানি নিরাপত্তার দৃঢ় ভিত্তি স্থাপন করতে পারে।বিদ্যুৎসচিব বলেন, সরকার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নানাবিধ কার্যক্রম নিয়েছে। একই সঙ্গে আঞ্চলিক জ্বালানি সহযোগিতার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করছে।বিমসটেক গঠিত হওয়ার পর ২০০৪ সালের জুলাই মাসে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই জোটের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জোটের শীর্ষস্থানীয় নেতারা জ্বালানি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত পোষণ করেন। এর ধারাবাহিকতায় ২০০৫ সালের অক্টোবর মাসে বিদ্যুৎ আদান-প্রদানের বিষয়ে কাজ করার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্সের এর আগে অনুষ্ঠিত দুটি সভায় বিদ্যুৎ আদান-প্রদানে সমঝোতার বিষয়ে আলোচনা হয়েছে। এর ভিত্তিতে এবারের সভায় থাইল্যান্ড এমওইউর একটি খসড়া উপস্থাপন করে। সেটি নিয়ে সবার আলোচনা শেষে গতকাল একটি চূড়ান্ত খসড়া প্রণয়ন করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।বিমসটেক জোটের সদস্য দেশগুলো হচ্ছে: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, থাইল্যান্ড ও মিয়ানমার। মিয়ানমার এখন টাস্কফোর্সের সভাপতি।