বিদ্যুৎ আদালত নেই গ্রাহকদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বিদ্যুৎ আদালত না থাকায় জেলার বিচারপ্রার্থীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। বিচারের জন্য তাঁদের পাশের পাবনা জেলা সদর ও ঢাকার বিদ্যুৎ আদালতে যেতে হচ্ছে। আদালত স্থাপনের দাবিতে একটি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে গত মাসে আইন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।
বিচারপ্রার্থী ও আইনজীবীদের সূত্রে জানা গেছে, পাবনা জেলা থেকে সিরাজগঞ্জ মহকুমাকে ১৯৮৪ সালে সিরাজগঞ্জ জেলায় উন্নীত করা হয়। এরপর পর্যায়ক্রমে সব সরকারি বিভাগীয় কার্যালয়, জেলা জজ আদালতসহ বিভিন্ন বিচারিক আদালত প্রতিষ্ঠা করা হয়। কিন্তু ৩০ বছর পার হলেও সিরাজগঞ্জে বিদ্যুৎ আদালত স্থাপিত হয়নি। ফলে বিদ্যুৎ আইনে করা মামলার ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষের অধীনের মামলাগুলো পাবনা জেলায় ও পল্লী বিদ্যুৎ সমিতিভুক্ত মামলার বিচারসংক্রান্ত সব কাজ ঢাকা জেলার উত্তরায় প্রতিষ্ঠিত পল্লী বিদ্যুৎ আদালতে হচ্ছে।
মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে দেওয়া ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে জেলা পর্যায়ে কর্মরত জ্যেষ্ঠ বিচারিক হাকিম বা যুগ্ম জেলা জজরা অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিদ্যুৎ আদালতের বিচারকার্য পরিচালনার দায়িত্ব পালন করার পরামর্শ দিতে পারেন। জেলা সদরে আদালত থাকলে বিচারপ্রার্থীরাসহ সরকারি কর্মকর্তাদের অর্থ সাশ্রয় হবে এবং মামলাগুলোও দ্রুত নিষ্পত্তি হবে।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক তুষারকান্তি দেবনাথ বলেন, সব পল্লী বিদ্যুৎ সমিতির জন্য একটি আদালত ঢাকায় স্থাপন করা হয়েছে। বিভিন্ন তারিখের দিনে এক দিন আগে সাক্ষ্য দেওয়ার জন্য প্রতিনিধি পাঠাতে হয়। যে কারণে নানা সমস্যার সৃষ্টি হয়। বর্তমানে ৮৫টি মামলা বিচারাধীন।
সিরাজগঞ্জের পিডিবির নির্বাহী প্রকৌশলী আবু হেনা বলেন, পিডিবির অধীনে এখন ১৫০টি মামলা বিচারাধীন। এমনিতেই জনবল কম। তার পরও বিভিন্ন মামলার বিভিন্ন তারিখে প্রতিনিধি পাঠালে সময় অপচয়ের পাশাপাশি অর্থ ও কাজের ক্ষতি হয়।
পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ সিরাজগঞ্জ ইউনিটের প্রেসিডেন্ট শহীদুল ইসলাম বলেন, সিরাজগঞ্জের বিচারপ্রার্থীদের বিচারের জন্য দুই থেকে তিন দিন সময় নষ্ট করতে হচ্ছে।
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) রেজাউল করিম তালুকদার বলেন, ‘অনেক বিচারপ্রার্থী আমাদের কাছে এ বিষয়ে পরামর্শ নিতে আসেন। কিন্তু এখানে আদালত না থাকায় আমরা তাঁদের কোনো উপকার করতে পারি না।’