বিদ্যুৎ আমদানির আনুষ্ঠানিক উদ্বোধন আজ
ভারত থেকে বিদ্যুৎ আমদানির আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা থেকে নয়াদিল্লিতে অবস্থানরত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ভিডিও সম্মেলনের মাধ্যমে যৌথভাবে বিদ্যুৎ আমদানি-রপ্তানির উদ্বোধন ঘোষণা করবেন।
অবশ্য দুই দেশের প্রধানমন্ত্রীর এই আনুষ্ঠানিক ঘোষণার প্রায় ১১ ঘণ্টা আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টায় (৫ অক্টোবর জিরো আওয়ার) বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ আমদানি-রপ্তানি শুরু হয়েছে। অর্থাৎ গত রাত থেকে দেশের জাতীয় গ্রিডে ভারতের সরকারি খাত থেকে আমদানি করা বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়েছে। দেশের বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) আওতাধীন। পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আলমগীর হোসেন বলেন, আগামী নভেম্বরে ভারতের সরকারি ও বেসরকারি খাত থেকে মোট ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। এর আগ পর্যন্ত সরকারি খাত থেকে প্রতিদিন সর্বোচ্চ ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। অবকাঠামো তৈরির কিছু কাজ সম্পন্ন না হওয়াই এর কারণ।
আজ বিদ্যুৎ আমদানি-রপ্তানির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার সময়ই বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী খুলনার রামপালে নির্মাণ প্রক্রিয়াধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনেরও যৌথ আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এ জন্য ভেড়ামারায় নামফলকও তৈরি রাখা হয়েছে।
জানতে চাইলে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির চেয়ারম্যান ও বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ আমদানি ও রামপাল বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য ভারতের প্রধানমন্ত্রীর আলাদা সময় চাওয়া হয়েছিল। কিন্তু তিনি তা দিতে না পারায় দুটি প্রকল্প সম্পর্কেই দুই প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণা আজ একই দিনে হবে। ২২ অক্টোবর রামপালে বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ আমদানি শুরুর প্রস্তুতি হিসেবে গত ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর প্রতিদিন ৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে এসেছে। পরের চার দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
২০১০ সালের জানুয়ারিতে শেখ হাসিনার ভারত সফরকালে দুই দেশের মধ্যে বিদ্যুৎ খাতে সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। ২০১২ সালের মধ্যে বিদ্যুৎ আমদানি শুরুর কথা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গে কয়েকটি টাওয়ার তৈরির জায়গা পেতে দেরি হওয়ায় তা সম্ভব হয়নি।
সরকারি সূত্রগুলো জানায়, দুই দেশের সরকারের মধ্যে ২৫ বছরের জন্য ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনা-বেচার চুক্তি হয়েছে। এ ছাড়া ভারতের বেসরকারি খাত থেকে আরও ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি চূড়ান্ত করা আছে। নভেম্বরে এই ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। সঞ্চালন ব্যয়সহ প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে গড়ে প্রায় ছয় টাকা, যা বর্তমানে বাংলাদেশে উৎপাদিত বিদ্যুতের দামের প্রায় সমান। এই বিদ্যুৎ আমদানির মধ্য দিয়ে সার্ক বিদ্যুৎ গ্রিড চালুর প্রক্রিয়াও শুরু হলো। বাংলাদেশ এখন নেপাল ও ভুটান থেকেও বিদ্যুৎ আমদানি এবং ওই দুই দেশে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে যৌথ বিনিয়োগের বিষয়ে উদ্যোগ নেবে।
আমাদের কুষ্টিয়া অফিস জানায়, আজ বিদ্যুৎ আমদানি এবং রামপাল কয়লাভিত্তিক ও ভেড়ামারা ৩৬ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। শেখ হাসিনার আজ বেলা ১১টায় হেলিকপ্টারযোগে ভেড়ামারায় পৌঁছানোর কথা।