বিদ্যুৎ আসা-যাওয়ার খেলায় দুর্ভোগে পাটগ্রামের মানুষ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গত সোমবার থেকে ২৪ ঘণ্টায় ৮০ থেকে ৯০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করছে। এভাবে ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া করায় কৃষক ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।
উপজেলার ১৫ জন বাসিন্দা বলেন, দিনে পাঁচ মিনিটে গড়ে দুবার করে বিদ্যুৎ আসা-যাওয়া করছে। তবে রাতে এ হার কিছুটা কম।
পৌর শহরের ঝাকুয়াটারি গ্রামের কৃষক ওসমান আলী (৪৫) বলেন, অনেক টাকা খরচ করে এবার প্রথম বিদ্যুৎ-সেচসংযোগ নিয়েছেন তিনি। দেড় একর বোরো চাষের জন্য বীজতলা লাগিয়েছেন। কিন্তু ধারাবাহিকভাবে বিদ্যুৎ না থাকায় পানি দেওয়া যাচ্ছে না। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘যে লায় সে লায়। বিদ্যুৎ চলে যায়, আসার ঠিক নাই।’
উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর আলম বলেন, এবার প্রায় সাত হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে। এর অর্ধেক জমিতে বিদ্যুৎচালিত সেচযন্ত্র ব্যবহার করা হয়। সেচযন্ত্র চালাতে ১২০ ভোল্ট দরকার। কিন্তু পাওয়া যাচ্ছে ৭০-৮০ ভোল্ট। বিদ্যুতের আসা-যাওয়ার খেলায় অনেক কৃষক জমিতে পানি দিতে পারছেন না। অন্যদিকে সেচযন্ত্র নষ্ট হচ্ছে।
পাটগ্রাম দোয়ানী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী আবু আসাদ প্রামাণিক বলেন, লালমনিরহাট থেকে আসা বিদ্যুতের সঞ্চালন লাইনের ওপর গাছ পড়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।