বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, নগরে বিদ্যুৎ-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের শীতলক্ষ্যা এলাকায় অবস্থিত ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) বিদ্যুৎ উপকেন্দ্রে গতকাল বুধবার ভোরে অগ্নিকাণ্ড ঘটে। এতে ছয়টি সার্কিট ব্রেকার পুড়ে যাওয়ায় নগরজুড়ে বিদ্যুৎ-সংকট দেখা দিয়েছে।
ডিপিডিসির দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী আকরামুল হক বলেন, বুধবার ভোর চারটার দিকে শীতলক্ষ্যা উপকেন্দ্রে আগুনে ছয়টি সার্কিট ব্রেকার পুড়ে যায়। এতে ডিপিডিসির পূর্ব, পশ্চিম ও শীতলক্ষ্যা অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গতকাল বেলা একটার পরে কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হয়। সংকট পুরোপুরি কাটাতে বৃহস্পতিবার (আজ) পর্যন্ত সময় লাগতে পারে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন) এ টি এম হারুন-উর-রশিদ ও সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী উপপরিচালক দিনমণি শর্মা বলেন, ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ ও ঢাকার নয়টি ইউনিট এক থেকে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিদ্যুৎ উপকেন্দ্রের বেশ কিছু সার্কিট ব্রেকার পুড়ে গেছে।
এদিকে প্রচণ্ড দাবদাহ, বিদ্যুৎ ও পানি-সংকটের কারণে নগরের অধিকাংশ এলাকার মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে।