প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার সফররত ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। হোটেল সোনারগাঁওয়ে তাঁর স্যুটে সাক্ষাৎকালে তাঁরা বিদ্যুৎ উৎপাদনে আঞ্চলিক সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা করেন।প্রায় দেড় ঘণ্টার বৈঠকে তাঁরা বাংলাদেশ, ভুটান ও ভারতের মধ্যে যৌথ সহযোগিতার মাধ্যমে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য একটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা করেন। ২০২০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ভুটান ইতিমধ্যে ভারতের সঙ্গে একটি প্রকল্প স্বাক্ষর করেছে। দেশটি জলবিদ্যুৎ উৎপাদনে সমৃদ্ধ। পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজা খেসার ওয়াংচুক বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ ও ভুটানের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে উল্লেখ করে ভুটানের রাজা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও জোরদার হবে।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বৈঠকে উপস্থিত ছিলেন। গতকাল একাত্তরের স্মৃতিবিজড়িত তিনটি স্থান পরিদর্শন করেন জিগমে খেসার ওয়াংচুক।সকাল ১০টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘরে যান। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। এরপর ভুটানের রাজা জাদুঘর ঘুরে দেখেন।বঙ্গবন্ধু জাদুঘর থেকে তিনি রায়েরবাজার বধ্যভূমি পরিদর্শনে যান।এরপর ভুটানের রাজা সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে যান। এ সময় তিনি জাদুঘরে সংরক্ষিত মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক দেখেন। এ ছাড়া তিনি মুক্তিযুদ্ধের ওপর রচিত একটি প্রামাণ্যচিত্র দেখেন। বাসস।