বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডের উন্নয়নে সামঞ্জস্য নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনায় থাকলেও বিদ্যুতের উৎপাদন ও সঞ্চালনব্যবস্থার উন্নয়নে সামঞ্জস্য রক্ষা করতে পারেনি সরকার। গত পাঁচ বছরে বিদ্যুৎকেন্দ্রগুলোর স্থাপিত ক্ষমতা পাঁচ হাজার মেগাওয়াট থেকে বেড়ে ১১ হাজারে উন্নীত হয়েছে। কিন্তু জাতীয় গ্রিডকে এই বিদ্যুৎ সঞ্চালন করার মতো সক্ষম করে তোলা হয়নি।
এর কারণ হিসেবে পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) সূত্রগুলো প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কথা বলছে। একটি প্রকল্প নেওয়া হলে তা বাস্তবায়নে সময় লাগে প্রায় চার বছর। এর মধ্যে দুই বছর যায় প্রকল্প প্রস্তাব তৈরি, অনুমোদন ও দরপত্র চূড়ান্ত করতে। আর দুই বছর লাগে কাজে।
সূত্রগুলোর দাবি, এই অবস্থার মধ্যেও গত পাঁচ বছরে সঞ্চালন লাইন ও গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা বেড়েছে। এই সময়ে সঞ্চালনব্যবস্থার উন্নয়নে ছোট-বড় অন্তত ৬৪টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু বিদ্যুৎ উৎপাদন যে হারে বেড়েছে, সঞ্চালনব্যবস্থার এই উন্নয়ন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি।
২০০৮-০৯ সালে যেখানে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালিত হয়েছে ২৪৫ কোটি ইউনিটের মতো, সেখানে ২০১২-১৩ সালে সঞ্চালিত হয়েছে প্রায় ৩৩৬ কোটি ইউনিট। প্রায় ৯০ কোটি ইউনিট বাড়াতে বিদ্যুৎ সঞ্চালনের সক্ষমতা অর্জন করেনি দেশের সঞ্চালনব্যবস্থা। ফলে এখনো দেশের অনেক স্থানের সঞ্চালন লাইন ‘ওভারলোডেড’। অর্থাৎ এ লাইনগুলোর ক্ষমতা প্রয়োজনের তুলনায় কম। ফলে তা নাজুক।
সঞ্চালনব্যবস্থার এসব সমস্যার কারণে বিদ্যুৎ বিচ্যুতি বা গ্রিড অকার্যকর হওয়ার ঘটনা কমছে না। বড় ধরনের বিপর্যয় হয়তো কম হচ্ছে। কিন্তু অঞ্চলিক গ্রিডগুলোতে প্রায়ই সমস্যা সৃষ্টি হয়, যা সব সময় সাধারণের কাছে প্রকাশ হয় না।
পিজিসিবির তথ্য অনুযায়ী, ২০১০-১১ সালে বিচ্যুতির ঘটনা ঘটে ১১টি। কিন্তু সঞ্চালন ব্যাহত হয় মোট ১৩ ঘণ্টা ৪৭ মিনিট। এর পরের বছর বিচ্যুতির ঘটনা আরও কমে নয়টিতে নামলেও সঞ্চালন ব্যাহত হয় মোট ৩৪ ঘণ্টা ৪৯ মিনিট। ২০১২-১৩ সালে বিচ্যুতির ঘটনা ঘটে ছয়টি। সঞ্চালন ব্যাহত হয় মোট সাত ঘণ্টা ৪৮ মিনিট।
এসব বিচ্যুতি ও সঞ্চালন ব্যাহত হওয়ার কারণে শুধু যে বিদ্যুৎ বিতরণ বিঘ্নিত হয় তা নয়, পদ্ধতিগত লোকসানও (সিস্টেম লস) বাড়ে। যেমন বিদ্যুৎ বিচ্যুতির কারণে ২০১০-১১ সালে পদ্ধতিগত লোকসান হয়েছে ২ দশমিক ৭২ শতাংশ। এর পরের বছর হয়েছে ২ দশমিক ৭০ শতাংশ। আর ২০১২-১৩ সালে হয়েছে ২ দশমিক ৯২ শতাংশ। এর আগের বছরগুলোতে পদ্ধতিগত লোকসান আরও বেশি ছিল।
জাতীয় লোড ব্যবস্থাপনাকেন্দ্রের (এনএলডিসি) আধুনিকায়ন করা হয়েছে। কিন্তু বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের সঙ্গে এর সমন্বয়ের অভাব রয়েছে। ফলে অনেক সিদ্ধান্ত সময়মতো কার্যকর হয় না। অনেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বিলম্বিত হয়।
জানতে চাইলে বিদ্যুৎ মন্ত্রণালয়ের নীতি সহায়তা ও গবেষণা সংস্থা-পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন প্রথম আলোকে বলেন, সঞ্চালনব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে অনেক কাজ হয়েছে। তবে এ কথা ঠিক, তা সময়ের চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট নয়।
মোহাম্মদ হোসেইন বলেন, তা ছাড়া বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনের দায়িত্বে নিয়োজিত সংস্থাগুলোর মধ্যে, বিশেষ করে সংশ্লিষ্ট কর্মকর্তা পর্যায়ে সমন্বয়ের অভাব রয়েছে। এটিও একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে।
তবে পিজিসিবির সূত্র জানায়, জাতীয় গ্রিডের উন্নয়নে অনেক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ২৩০ ও ১৩২ কিলো ভোল্টের গ্রিড পর্যায়ক্রমে ৪০০ কিলো ভোল্টে রূপান্তর করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৫৫০ কিলোমিটার ৪০০ কিলো ভোল্ট লাইন নির্মাণ করা হয়েছে।
সূত্র জানায়, পিজিসিবির প্রকল্পগুলোতে বিনিয়োগেরও তেমন সমস্যা নেই। সংস্থার নিজস্ব অর্থায়ন এবং সরকার ও দাতা সংস্থাগুলোর সহায়তা, এমনকি দেশি-বিদেশি বেসরকারি ব্যাংকও সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে এগিয়ে আসছে।