প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা এখন চাহিদার তুলনায় বেশি আছে। কাজেই এ বছর সেচ ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা নেই। গতকাল শুক্রবার সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত বিদ্যুৎ খাতের ‘সেক্টর লিডারস ওয়ার্কশপ’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশে এখন বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত ক্ষমতা প্রায় ১৩ হাজার মেগাওয়াটের। এর মধ্যে ১১ হাজার মেগাওয়াট জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত। আর এ বছর সেচ ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হতে পারে সাড়ে আট হাজার মেগাওয়াট।
এর আগে বিদ্যুৎসচিব মনোয়ার ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দুই দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তৌফিক-ই-ইলাহী চৌধুরী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করতে হবে। উন্নয়ন সহযোগীরা অনেক পরামর্শ দেন। কিন্তু সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে বাস্তবতা ভাবতে হবে।
দেশের ৭০ শতাংশ মানুষ এখন বিদ্যুৎ-সুবিধার আওতায় এসেছে উল্লেখ করে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, এখনো সব ক্ষেত্রে শতভাগ স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ হয়তো সম্ভব হচ্ছে না। তবে ২০২১ সালের মধ্যে এটা সম্ভব হবে। তখন দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ প্রচলিত জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান। এ জন্য সরকারি অফিসের ছাদে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের উদ্যোগ নিতে কর্মকর্তাদের পরামর্শ দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সদস্য এ এস এম গোলাম ফারুক, নবায়নযোগ্য ও টেকসই জ্বালানি কর্তৃপক্ষের (শ্রেডা) চেয়ারম্যান তাপস কুমার রায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান শাহীনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
বিদ্যুৎ খাতের সব সংস্থার কর্মকর্তারা দুই দিনের এই দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালায় অংশ নিচ্ছেন। দুই বছর ধরে বার্ষিক এই কর্মশালার আয়োজন করা হচ্ছে।