সোমবার বন্ধ হয়ে যাওয়া ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ষষ্ঠ ইউনিট গতকাল মঙ্গলবার চালু হয়েছে। তবে সারা দেশে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন চার হাজার মেগাওয়াটেও উন্নীত হয়নি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে এ খবর জানা গেছে।পিডিবির হিসাব অনুযায়ী, গতকাল দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ধরা হয় পাঁচ হাজার ৪০০ মেগাওয়াট। আর সর্বোচ্চ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় তিন হাজার ৯০০ মেগাওয়াট। কিন্তু প্রকৃত চাহিদা ছিল ছয় হাজার মেগাওয়াট। ফলে লোডশেডিং পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। দিনে টানা দুই ঘণ্টা করে এবং রাত ১২টার পর এক ঘণ্টা করে লোডশেডিং চলেছে। ঢাকায় একেকটি এলাকায় গড়ে আট ঘণ্টা, ঢাকার বাইরে শহরাঞ্চলে ১০-১২ ঘণ্টা এবং গ্রামে ১৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটসহ বেশ কয়েকটি ইউনিট বন্ধ থাকায় সোমবার বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ গ্যাস ব্যবহার হয়েছে ৭৬ কোটি ৭০ লাখ ঘনফুট। পেট্রোবাংলা সূত্র জানায়, বিদ্যুৎ উৎপাদনের জন্য এখন প্রায় ৯০ কোটি ঘনফুট গ্যাসের মজুদ আছে। এ ছাড়া চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ আরও কিছু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।২৫ মেগাওয়াট বন্ধ: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) বিদ্যুৎ-সরবরাহের জন্য স্থাপিত ৪৪ মেগাওয়াট ক্ষমতার একটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। রাতে এই কেন্দ্র থেকে ইপিজেডের জন্য বিদ্যুৎ লাগে মাত্র ১০ মেগাওয়াট। বাকি ৩০ থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ কয়েক মাস ধরে পিডিবি কিনে নিচ্ছিল রাতে সর্বোচ্চ চাহিদার সময়। কিন্তু গতকাল ওই প্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হয়েছে, পিডিবি তাদের কাছ থেকে আর বিদ্যুৎ নেবে না।সরকারি সূত্র জানায়, ওই কেন্দ্রে যে পরিমাণ গ্যাস সরবরাহ করা হয়, তা দিয়ে চট্টগ্রামের সরকারি কোনো বিদ্যুৎকেন্দ্রে বাড়তি উৎপাদনের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু সরকারি যেকোনো বিদ্যুৎকেন্দ্রের তুলনায় বেসরকারি ওই কেন্দ্রটির উৎপাদনদক্ষতা অনেক বেশি। যে পরিমাণ গ্যাস পুড়িয়ে তারা ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, সেই একই পরিমাণ গ্যাস পুড়িয়ে সরকারি কোনো বিদ্যুৎকেন্দ্রে ২০ মেগাওয়াটের বেশি উৎপাদন করা সম্ভব হবে না। তার পরও মন্ত্রণালয়ের নির্দেশে ওই বেসরকারি কেন্দ্রের বিদ্যুৎ নেওয়া বন্ধ রাখা হয়েছে।