বিদ্যুৎ উৎপাদনে ভারতের দুই কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক
দেশে ৪ হাজার ৬ শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ভারতের দুটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে সরকার।
বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ভারতের রিলায়েন্স পাওয়ার লিমিটেড ও আদানি পাওয়ার লিমিটেডের মধ্যে এই এমওইউ স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশের কোনো সুবিধাজনক স্থানে ৪ হাজার ৬শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। খবর বাসসের।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সচিব এম জহিরুল হক, রিলায়েন্স পাওয়ার লিমিটেডের সমির কুমার গুপ্ত এবং আদানি পাওয়ার লিমিটেডের ভীট এস জাইন তাদের নিজ নিজ কোম্পানির পক্ষে এমওইউতে সই করেন।
বিপিডিবির সচিব এম জহিরুল হক, ইসোলাক্স ইঞ্জিনিয়ারের জেনারেল ম্যানেজার জোসে লুইফ ডাগো ইলোরা এবং স্যামসং সি এন্ড টি করপোরেশনের জেনারেল ম্যানেজার সুংকি না নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
এমওইউ অনুযায়ী ভারতের রিলায়েন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রিলায়েন্স পাওয়ার লিমিটেড বাংলাদেশের সুবিধাজনক কোনো স্থানে গ্যাস চালিত ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম একটি পাওয়ার প্লান্ট স্থাপন করবে। অপর দিকে আদানি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আদানি পাওয়ার প্লান্ট বাংলাদেশের মহেশখালী অথবা অন্য কোনো সুবিধাজনক স্থানে ১ হাজার ৬ শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম একটি গ্যাসভিত্তিক পাওয়ার প্লান্ট স্থাপন করবে।