বিদ্যুৎ উৎপাদনের নামে বিদেশে বসে কমিশন খাচ্ছেন অনেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মিথ্যাচার করছে। শুধু মেগাওয়াটের হিসাব দিচ্ছে, কিন্তু এতে জনগণের কোনো উপকার হচ্ছে না। বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর নামে কেউ কেউ বিদেশে বসে কমিশন খাচ্ছেন। তাঁরাই কেবল ভালো আছেন।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল মঙ্গলবার মুক্তাঙ্গনে অনুষ্ঠিত বিএনপির বিক্ষোভ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, সরকার জনগণের জন্য কিছুই করতে পারছে না। জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সরকার পতন আন্দোলন জোরদার করতে তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।খন্দকার মোশাররফ বলেন, সরকারের ব্যর্থতার কারণে মুদ্রাস্ফীতি ১০-এর ওপরে চলে এসেছে। তিনি ব্যর্থতার দায় স্বীকার করে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল বিএনপি জেলায় জেলায় সকালে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে। বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে, প্রায় সব জেলায় কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে দলের কেন্দ্রীয় নেতা, ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি আগামী ৯ মে পর্যন্ত সরকারের কর্মকাণ্ড প্রত্যক্ষ করবে। জনগণের সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ দেখে ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি জানান, ওই দিনের মধ্যে সরকার বিদ্যুৎ, গ্যাস ও পানির সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা না নিলে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। মধ্যবর্তী নির্বাচনের দাবিতে চলবে সরকার পতনের আন্দোলন।বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।ঢাকায় স্মারকলিপি প্রদান: দুপুর ১২টার দিকে ঢাকা জেলা প্রশাসকের কাছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে স্মারকলিপি দিয়েছে বিএনপি। বিএনপির ঢাকা জেলা সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক আমান উল্লাহ স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর পৌঁছে দেন।