চট্টগ্রামে সেমিনারে বক্তারা বলেছেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে ২০২১ সালের মধ্যে আরও ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে। প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে পর্যাপ্ত জ্বালানি দেশেই আছে। কিন্তু বিভিন্ন সময় এসব জ্বালানি রপ্তানির ষড়যন্ত্র হয়েছে।গতকাল শনিবার অনুষ্ঠিত ‘জলবায়ু পরিবর্তনে জ্বালানির প্রভাব: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এই সেমিনারের আয়োজন করে।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, যোগাযোগব্যবস্থাকে সহজ ও পরিবেশবান্ধব করতে ঢাকা-চট্টগ্রাম ডাবল ট্র্যাক রেললাইন তৈরি করা হবে। শিগগিরই এ সংক্রান্ত একটি বিল সংসদে উত্থাপন করা হবে।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক এম শামসুল আলমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল অনুষদের অধ্যাপক বি কে বালা।