বিদ্যুৎ ও গ্যাসসংকট বিগত সরকারগুলোর ব্যর্থতার ফল। কিন্তু আড়াই বছর যাওয়ার পর বর্তমান সরকার সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে কতটা সক্ষম হয়েছে, সে প্রশ্ন করার সময় এসেছে। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে অয়োজিত এক সভায় এ কথা বলা হয়। বাংলাদেশ ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (বিডিইএফ) এ সভার আয়োজন করে। সভা আয়োজনে সহায়তা করে অরগান ডেভেলপমেন্ট লি. ও নর্দার্ন ফাউন্ডেশন লি. নামের অন্য দুটি বেসরকারি প্রতিষ্ঠান। সভায় বলা হয়, এক বছর ধরে নতুন গ্যাসসংযোগ বন্ধ রাখায় দেশের অর্থনীতির ভয়াবহ ক্ষতি হয়েছে। সংযোগ দেওয়া হয়নি বলে বিভিন্ন আবাসন কোম্পানির ১০ হাজারেরও বেশি ফ্ল্যাট ক্রেতাদের বুঝিয়ে দেওয়া যায়নি। একই কারণে মিল-কারখানায়ও বিনিয়োগ প্রায় বন্ধ হয়ে আছে। সভার পক্ষ থেকে গ্যাস ও জ্বালানির বিভিন্ন খাতে জনগণের স্বার্থ-পরিপন্থী চুক্তি বাতিল, বিদ্যুৎব্যবস্থা থেকে দুর্নীতি দূর এবং গ্যাস ও সৌরবিদ্যুৎ বিষয়ে অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানানো হয়। সভার সভাপতি এবং বিডিইএফের সভাপতি সরদার আমিন বলেন, গৃহস্থালির গ্যাসসংযোগ বন্ধ করার সরকারি সিদ্ধান্ত নাগরিক সমাজে বিরূপ মনোভাব সৃষ্টি করেছে।সভায় বলা হয়, পাইপলাইনের গ্যাস বন্ধ করে সিলিন্ডারে গ্যাস সরবরাহের সিদ্ধান্তের কোনো যুক্তি নেই। বাংলাদেশে যথেষ্ট গ্যাস আছে, সংকট তৈরি করা হয়েছে। স্থলভাগের ৮০ শতাংশ গ্যাস ক্ষেত্রের কর্তৃত্ব বিদেশি কোম্পানির হাতে। অন্যদিকে দেশের কোম্পানির ক্ষমতা বাড়ানো হয়নি। সভায় উপস্থিত রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সাবেক সভাপতি তানভীরুল হক বলেন, সৌরবিদ্যুৎ খুব একটা কাজের নয়। বিশ্বের অন্যান্য দেশে সৌরবিদ্যুৎ ব্যবহার হয় গ্রামে। নগরে বিভিন্ন ভবনের ছাদের ওপর সৌরবিদ্যুৎ প্যানেল বসানো হলে খুব বেশি জায়গা থাকবে না। দুই বছর পর তা সরানোর চেয়ে এখনই বাদ দিলে সমস্যা অনেক কম হবে। সভায় অন্যদের মধ্যে প্রকৌশলী আবুল কাশেম, এনামুল হক প্রমুখ বক্তব্য দেন।