বিদ্যুৎ ও গ্যাস-সংকট প্রকট অবকাঠামোর বেহাল দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) যাত্রা শুরু হয় ২৩ বছর আগে। শুরুর দিকে শিল্পোদ্যোক্তাদের বেশ আগ্রাহ থাকলেও বর্তমানে রাস্তাঘাট, নালা-নর্দমা, বিদ্যুৎ ও গ্যাস সমস্যার কারণে অনেক কারখানা রুগ্ণ ও বন্ধ হয়ে গেছে। শিল্পমালিকেরা মনে করেন, এসব সমস্যার সমাধান হলে আবারও প্রাণ ফিরে পাবে বিসিক।এ ছাড়া বিসিকের ভেতরে নয়টি ডায়িং কারখানা রয়েছে। এর মধ্যে ছয়টি কারখানার বর্জ্য পরিশোধনাগার (ইটিপি প্লান্ট) নেই। এ কারণে এসব কারখানার বিষাক্ত বর্জ্যে আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। বিসিক কার্যালয়ের সামনে ট্রাকস্ট্যান্ড বানিয়ে রাখা হয়েছে।কোনাবাড়ী বিসিক কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে কোনাবাড়ীর প্রাণকেন্দ্রে ৪৪ দশমিক ৯৪ একর জমি নিয়ে বিসিকের কার্যক্রম শুরু হয়। এখানে ২৬৩টি প্লটের সব কটিই শিল্পমালিকদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বর্তমানে উৎপাদনশীল ১২৯টি, উৎপাদনযোগ্য তিনটি ও নির্মাণাধীন রয়েছে পাঁচটি কারখানা। এর মধ্যে বন্ধ হয়ে গেছে ১৬টি এবং রুগ্ণ অবস্থায় আছে নয়টি।সরেজমিনে দেখা গেছে, বিসিকের ভেতরের রাস্তা পাঁচটির অবস্থা এতটাই খারাপ যে হাঁটাচলা করা দায়। এসব রাস্তায় প্রায় সারা বছরই পানি লেগে থাকে। বিভিন্ন কারখানার ময়লা-আবর্জনা রাস্তার পাশেই ফেলে রাখা হয়েছে। এ ছাড়া যেসব কারখানার ইটিপি নেই, সেসব কারখানা থেকে নির্গত বিষাক্ত বর্জ্য নালা দিয়ে মিশছে মাইমাইল ও কড্ডা এলাকার বিল ও তুরাগ নদীতে।বিসিকের ট্রাকচালক কবির হোসেন বলেন, ‘ট্রাক নিয়ে কারখানায় যাওয়া যায় না। এ পর্যন্ত পাঁচ-ছয়বার আমার ট্রাকের পাত্তি ও গিয়ার বাক্স ভেঙে বিকল হয়ে গেছে। তাই কোনাবাড়ী বিসিকে মাল আনা-নেওয়া করতে চাই না।’ কারখানার শ্রমিক সোহরাব হোসেন ও সুমন মিয়া জানান, প্রায় দিনই হাঁটুপানি মাড়িয়ে কারখানায় যেতে হয়। আর পানির মধ্যে রাসায়নিক পদার্থ মেশানো থাকায় অনেকের পায়ে ঘা হয়ে গেছে।বিসিকের পাম্প অপারেটর লুৎফর মোল্লা বলেন, বিসিক এলাকার সব কটি নালার দুই পাশ ভেঙে যাওয়ায় বর্জ্যপানি রাস্তার ওপর উঠে আসছে। নিষ্কাশনের জন্য মাটির নিচে যে পাইপ বসানো হয়েছিল, সেগুলো ভরাট হয়ে যাওয়ায় দ্রুতগতিতে পানি নিষ্কাশন হতে পারছে না। তাই রাস্তায় পানি লেগেই থাকছে। বিসিক এলাকার ফ্যাশন পয়েন্ট লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক মির্জা এনায়েত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাস্তায় কোনো সমস্যা নেই। তবে এখানে নৌকা চালাতে হবে। যেখানে শ্রমিকেরা কারখানায়ই আসতে চায় না, সেখানে বিদেশি-ক্রেতারা কীভাবে আসবে!’সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাহিদা অনুযায়ী কোনাবাড়ী বিসিক এবং আশপাশের এলাকায় যে পরিমাণ বিদ্যুৎ পাওয়ার কথা, এর অর্ধেকও না পাওয়ায় বিদ্যুৎনির্ভর কারখানাগুলোর উৎপাদন বিঘ্নিত হচ্ছে। বেশির ভাগ সময় ডিজেলচালিত জেনারেটর অথবা গ্যাস জেনারেটর চলাতে হচ্ছে। অপরদিকে গ্যাসের সমস্যার কারণে সময়মতো মালামাল উৎপাদন করা যাচ্ছে না।এ বিষয়ে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী আবদুর রশিদ মৃধা বলেন, কোনাবাড়ী বিসিকসহ আশপাশের এলাকায় ২৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ পাওয়া যায় সাত থেকে আট মেগাওয়াট। এ কারণে লোডশেডিং ছাড়া বিকল্প থাকে না। তিতাসের গাজীপুর শাখার উপমহাব্যবস্থাপক মোকতার হোসেন জানান, গ্যাসসংকট জাতীয় সমস্যা। জাতীয়ভাবে এ সমস্যার সমাধান হলেই গাজীপুরেও সমাধান হয়ে যাবে।কোনাবাড়ী বিসিক শিল্পনগরীর কর্মকর্তা তাজুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে জানান, কার্যালয়ের সামনের রাস্তাটির দরপত্রসহ কাজের অনুমতি পাওয়া গেছে। দ্রুত রাস্তার কাজ শুরু করা হবে। এ ছাড়া বিসিকসহ আশপাশের ডায়িং কারখানগুলোর জন্য গাজীপুর সদর উপজেলার বাইমাইল এলাকায় বাংলাদেশ-নেদারল্যান্ড ও বিশ্বব্যাংকের সহায়তায় একটি কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।