বিদ্যুৎ ও গ্যাসের অভাবে দক্ষিণপশ্চিমাঞ্চলে শিল্পায়ন হচ্ছে না
খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পায়নের বড় সমস্যা হিসেবে নয়টি কারণকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে প্রধান কারণ হিসেবে রয়েছে বিদ্যুৎ ও গ্যাসের অভাব। তা ছাড়া ঋণ ও চলতি মূলধনের স্বল্পতা এবং কারিগরি সহায়তার অভাবও রয়েছে ওই তালিকার মধ্যে।
শুধু তা-ই নয়, গত দুই দশকের বাজেটে খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে যেসব শিল্পকারখানা রয়েছে, তা চালু ও আধুনিকায়নের বিষয়ে সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা ছিল না।
গতকাল খুলনার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘খুলনা বিভাগে বেসরকারি বিনিয়োগ আকৃষ্টকরণ এবং শিল্পায়নের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক বিভাগীয় সম্মেলনে এসব কথা জানানো হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) খুলনা বিভাগীয় কার্যালয়ে ওই সম্মেলনের আয়োজন করে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) নাভাস চন্দ্র মণ্ডল, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান ও খুলনা বণিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি শরীফ আতিয়ার রহমান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের (বিভাগ) প্রধান অধ্যাপক শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের খুলনা বিভাগীয় পরিচালক নিরঞ্জন কুমার মণ্ডল।