বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি
বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটি। একই ধরনের কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা।
গতকাল শুক্রবার বিকেলে নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে কমিউনিস্ট পার্টি এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাসদ বিক্ষোভ সমাবেশ করে। কমিউনিস্ট পার্টির সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম। এতে বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা মন্টু ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী প্রমুখ।
হাফিজুল ইসলাম বলেন, নতুন নতুন কর নির্ধারণ ও বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যখন বাড়ছে, তখন বিদ্যুৎ ও গ্যাসের দামও বাড়ানো হলে জনজীবনে চরম সংকট সৃষ্টি হবে।
একই দাবিতে বিকেেল নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশ হয়।