বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশের মাইক বন্ধ ও বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলার উদ্যোগে ওই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
গতকাল শনিবার বিকেল সোয়া পাঁচটায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে দল দুটির পক্ষে ব্যানার ও মাইক টাঙিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু হলে পুলিশ এসে মাইক বন্ধ করে দেয়। একপর্যায়ে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তাতেও বাধা দেয় পুলিশ।
মাইক ছাড়াই সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের দাম সর্বনিম্ন অবস্থানে রয়েছে। এ সময় বাংলাদেশের বাজারে তেল-গ্যাসের দাম কমানো উচিত। কিন্তু সরকার সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এর প্রভাব পড়বে সাধারণ এবং খেটে খাওয়া মানুষের ওপর।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মো. কবির হোসেন বলেন, ‘সমাবেশ করার জন্য তাঁরা অনুমতি নেননি।’