বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনার নিরাপত্তায় জনগণকে এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ ও জ্বালানি খাতের স্থাপনাগুলোর নিরাপত্তা বিধানে দলমত-নির্বিশেষে স্থানীয় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রাজধানীতে বিইআরসি কার্যালয়ে গতকাল মঙ্গলবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে বিইআরসির সদস্য সেলিম মাহমুদ বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলে দল-মত, শ্রেণী-পেশানির্বিশেষে স্থানীয় জনসাধারণকেই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয়। তাই কেউ যাতে সেগুলোর ক্ষতি করতে না পারে, সেদিক তাদেরই বিশেষ নজর দেওয়া উচিত। স্থাপনাগুলোর নিরাপত্তা রক্ষায় তাদেরই বেশি উদ্যোগী হওয়া দরকার। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতের স্থাপনাগুলোর নিরাপত্তা বিধানে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতিও আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ, ক্ষয়ক্ষতি সম্পর্কে বক্তব্য দেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন। তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি হরতাল-সমর্থকদের প্রায় পাঁচ ঘণ্টার তাণ্ডবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা। শিবগঞ্জ উপজেলার প্রায় ৪৫ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন রয়েছেন। দুই হাজার ৩০০ সেচযন্ত্র বিদ্যুৎ পাচ্ছে না। ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করতে আরও কয়েক সপ্তাহ লাগবে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরইবির চেয়ারম্যান বলেন, হরতাল আহ্বানকারীদের ইন্ধনেই ওই ধ্বংসযজ্ঞ চালানো হয়। ঘটনার সময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাওয়ার কোনো সুযোগ ছিল না।