বিদ্যুৎ ও জ্বালানির গবেষণায় কাউন্সিল গঠনে বিল পাস
জ্বালানি ও বিদ্যুৎ খাতের গবেষণা ও পরিকল্পনা প্রণয়ন জোরদার করতে ‘বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিল, ২০১৫’ গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে পাস হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন।
বিলে বলা হয়েছে, এই কাউন্সিল সরকারের অনুমোদন নিয়ে দেশের যেকোনো স্থানে গবেষণাগার স্থাপন করতে পারবে। গবেষণা থেকে পাওয়া ফলাফল জনগণকে জানানোর জন্য সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন এবং প্রকাশনা বের করা হবে।
কাউন্সিলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও চারজন সদস্য সরকার মনোনয়ন দেবে। কাউন্সিলের মোট সদস্য হবেন ১১ জন। এতে মন্ত্রণালয়, বেসরকারি গবেষক ও বিজ্ঞানীদের অন্তর্ভুক্ত করা যাবে। এ ছাড়া গতকাল বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের মেয়াদ আরও চার বছর বাড়িয়ে বিল পাস হয়েছে। বিলটি পাসের জন্য উত্থাপন করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বিল-সম্পর্কিত আলোচনায় নসরুল হামিদ বলেন, এই আইন থাকার কারণে গত পাঁচ বছরে বিদ্যুতের উৎপাদনক্ষমতা ২ হাজার থেকে সাড়ে ১৩ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। ভবিষ্যতে যাতে বিদ্যুতের সংকট না হয়, তাই এই আইনটির দরকার আছে।