বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিল পাস হওয়ায় টিআইবির উদ্বেগ
জাতীয় সংসদে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) বিল, ২০১০ পাস হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার স্বার্থে বিলটি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, বিলের ৯ ধারা অনুসারে, এ আইনে বিদ্যুৎ ও জ্বালানিসংক্রান্ত কোনো ব্যবস্থা ও সিদ্ধান্ত, আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না বলে বিধান রাখা হয়েছে। এই বিধান জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকারব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে করে সরকারি ক্রয় খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই সরকারের দেওয়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। ইফতেখারুজ্জামান আরও বলেন, সুস্থ প্রতিযোগিতা ও বস্তুনিষ্ঠতার বিধান নিশ্চিত না করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানি, সঞ্চালন ও বিপণনসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হলে তাতে অনিয়ম ও দলীয় প্রভাবের ঝুঁকি বাড়বে।