বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, সরকার আবারও বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে। কঠোর আন্দোলনের মাধ্যমে এর বাস্তবায়ন প্রতিহত করা হবে।বাসদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে চাষাঢ়ার শহীদ মিনারে আয়োজিত জনসভায় খালেকুজ্জামান ওই ঘোষণা দেন।খালেকুজ্জামান বলেন, বিদ্যুৎ ও তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে জিনিসপত্রের দাম বাড়াসহ জনজীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। রেন্টাল ও কুইক রেন্টালের লোকসান সামাল দিতে বারবার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। বিদ্যুৎ ও তেলের দাম আন্তর্জাতিক বাজারে না বাড়লেও সরকার বাড়াচ্ছে। বর্তমান মহাজোট সরকার দেশ চালাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ, শ্রমিক নেতা মাহবুব ইসমাইল, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিতবরণ বিশ্বাস, আবু নাঈম খান, মাহমুদ হোসেন, সেলিম মাহমুদ, শাহিনুর আক্তার ও সজল বাড়ৈ।