বিদ্যুৎ ও নিরাপত্তার দাবিতে শিল্পমালিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা বিসিক শিল্পনগরের শতাধিক শিল্পমালিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা ও জানমালের নিরাপত্তার দাবিতে গতকাল রোববার শহরে বিক্ষোভ মিছিল করেছেন।বিসিক শিল্পমালিক সমিতি সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে শিল্পমালিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক সমাবেশে বক্তব্য দেন বিসিক শিল্পমালিক সমিতির সাধারণ সম্পাদক সমজিত কুমার, মমতাজ আলী, এ বি সিদ্দিক, আনোয়ার হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিসিক শিল্পনগরে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। কিন্তু সরকারিভাবে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। দুটি ট্রান্সফরমার চুরি হওয়ার পর চার দিন ধরে এখানে বিদ্যুৎ নেই। ইতিমধ্যে শিল্পমালিকেরা প্রায় ২০ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের কোনো উদ্যোগ নিচ্ছে না। বিসিক কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের উদাসীনতার কারণে শিল্পনগরের সম্পদ প্রায়ই চুরি ও ডাকাতি হচ্ছে। ফলে নতুন উদ্যোক্তারা এখানে শিল্পকারখানা স্থাপনে নিরুৎসাহিত হচ্ছেন। অবিলম্বে নিরাপত্তাব্যবস্থা জোরদার ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।গত ২০ জানুয়ারি বিসিক শিল্পনগরের দুটি ট্রান্সফরমার চুরি হয়। এরপর থেকে সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ১৪টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, ‘ট্রান্সফরমার দুটির খোলস গতকাল সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সদর উপজেলার তুলসীঘাট গ্রামের ময়নুল ইসলাম ও আবদুর রউফকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালই তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।’