বিদ্যুৎ ও পানির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ ও পানির দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। রাত সাড়ে নয়টায় বিদ্যুৎ সরবরাহ চালুর পর শিক্ষার্থীরা শান্ত হন।
ক্যাম্পাস সূত্র জানায়, গতকাল শনিবার সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হলে বিদ্যুৎ ও পানি ছিল না। দিনভর বিদ্যুৎ না থাকায় বিভিন্ন হল থেকে রাত সাড়ে আটটার দিকে মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলগুলো ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হলের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. মুকুল প্রথম আলোকে বলেন, ‘ভোরে ঘুম থেকে উঠে দেখি বিদ্যুৎ নেই। এমনকি হলে পানিও নেই। পুরো বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে দুদিন এ ধরনের ঘটনা ঘটে থাকে। এ কারণে বাধ্য হয়ে বিক্ষোভে অংশ নিয়েছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রী বলেন, সকাল থেকে রাত পর্যন্ত বিদ্যুৎ না থাকায় তাঁদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হুদা প্রথম আলোকে বলেন, হাটহাজারীতে বৈদ্যুতিক খুঁটি বসানোর কারণে সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। রাতেও বিদ্যুৎ না থাকার বিষয়টি তাঁর জানা নেই।