বিদ্যুৎ খাত উন্নয়নে দুই দেশের বেসরকারি খাতেও সহযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ খাত উন্নয়নে বাংলাদেশ ও ভারতের মধ্যে সরকারি পর্যায়ে যে সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়েছে, বেসরকারি পর্যায়েও তেমনি সহযোগিতার বাতাবরণ সৃষ্টিতে সহায়তা করা হবে। দুই দেশের বেসরকারি উদ্যোক্তারা একক কিংবা যৌথভাবে এই দুটি দেশ ছাড়া তৃতীয় কোনো দেশেও বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে পারবেন।
বিদ্যুৎ খাতে সহযোগিতা-সংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির নবম সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ ভবনে সচিব পর্যায়ের স্টিয়ারিং কমিটির এই সভা হয়। সভা শেষে অনির্ধারিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানানো হয়। এর আগে সকালে অনুষ্ঠিত হয় দুই দেশের বিদ্যুৎ খাতের কর্মকর্তা পর্যায়ের যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা।
স্টিয়ারিং কমিটির সভার সূত্র জানায়, সভায় বেসরকারি খাতে সহযোগিতার বিষয়টি উত্থাপন করে ভারতীয় প্রতিনিধিদল। ভারতের রিলায়েন্স, আদানীসহ বেসরকারি খাতের কয়েকটি কোম্পানি বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করে আসছে। এখানে তাদের বিনিয়োগের সুযোগ দেওয়া হলে তারা বাংলাদেশের বেসরকারি উদ্যোক্তাদের জন্যও ভারতে কিংবা নেপাল-ভুটানে একক অথবা যৌথভাবে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে পারে, স্টিয়ারিং কমিটির সভায় সেই বিষয়টিই তাঁরা উত্থাপন করলেন।
স্টিয়ারিং কমিটির সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম। ভারতের পক্ষে নেতৃত্ব দেন সে দেশের বিদ্যুৎসচিব প্রদীপ কুমার (পি কে) সিনহা। সভায় দুই দেশের প্রতিনিধিদলে ছিলেন বিদ্যুৎ খাতের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
পি কে সিনহা সাংবাদিকদের বলেন, নেপাল-ভুটানসহ সার্কভুক্ত দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে বাংলাদেশ যে নীতি প্রণয়ন করেছে, তা নিয়েও সভায় আলোচনা হয়েছে। ভারত এসব দেশ থেকে বিদ্যুৎ আমদানির সম্ভাব্যতা পরীক্ষা করে দেখবে এবং বাংলাদেশের নীতিটি কার্যকর করার ক্ষেত্রে ভারতের কোনো রেগুলেটরি পদক্ষেপ নিতে হবে কি না, তাও পর্যালোচনা করে পদক্ষেপ নেবে।
বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আরও ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আমদানির যে প্রক্রিয়া চালাচ্ছে, তার অগ্রগতি নিয়েও সভায় আলোচনা হয়েছে। এর মধ্যে ত্রিপুরার পালাটানা থেকে ১০০ মেগাওয়াট আসবে এই বছর। আরও ৫০০ মেগাওয়াট আসবে ২০১৭ সালের মধ্যে। এই ৫০০ মেগাওয়াট আমদানির ব্যাপারে কারিগরি সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। অন্যান্য আনুষঙ্গিক প্রক্রিয়া চলমান আছে।
দুই বিদ্যুৎসচিবই সাংবাদিকদের বলেন, ভারতের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালনের জন্য ভারত থেকে বাংলাদেশ হয়ে আবার ভারতের মধ্যে উচ্চক্ষমতার লাইন নির্মাণ, বাগেরহাটের রামপালে নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অগ্রগতি, চট্টগ্রাম অঞ্চলে রামপালের মতোই আরেকটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়গুলো নিয়েও সভায় আলোচনা হয়েছে। সভায় রামপাল কেন্দ্রের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।
বিদ্যুৎ খাতে বাংলাদেশ-ভারত সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য সচিব পর্যায়ের এই স্টিয়ারিং কমিটি ও কর্মকর্তা পর্যায়ের যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা হয় ছয় মাস অন্তর। এই সভা একবার বাংলাদেশে, একবার ভারতে অনুষ্ঠিত হয়। গত বছর অক্টোবরে স্টিয়ারিং কমিটি ও যৌথ ওয়ার্কিং গ্রুপের অষ্টম সভা নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়।