দক্ষিণ এশিয়ার যেকোনো স্থানে বিদ্যুৎকেন্দ্র করা যাবে
বিদ্যুৎ খাত উন্নয়নে ভারতের সঙ্গে সমঝোতা স্মারক সই
দেশের বিদ্যুৎ খাত উন্নয়নে বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি (এনটিপিসি) সমঝোতা স্মারক সই করেছে। স্মারকে বলা হয়েছে, বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার যেকোনো স্থানে উভয় দেশ যৌথভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করতে পারবে। এর আগে গত শুক্রবার দুই দেশের মধ্যে বিদ্যুৎ আনা-নেওয়ার জন্য গ্রিড স্থাপন বিষয়ে দুটি পৃথক সমঝোতা স্মারক সই হয়।গতকাল শনিবার বিকেলে কাকরাইলে জাতীয় স্কাউট ভবনে এ সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। স্মারকে মূলত চারটি বিষয়ের উল্লেখ করা হয়েছে। এক. পিডিবি ও এনটিপিসি যৌথভাবে বিদ্যুেকন্দ্র স্থাপন এবং বিদ্যুৎ উৎপাদন করবে। তারা শুধু বাংলাদেশের ভূখণ্ডে নয়, দক্ষিণ এশিয়ার যেকোনো স্থানে সুযোগ হলে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে পারে। বিষয়টি ব্যাখ্যা করে পিডিবির চেয়ারম্যান এস এম আলমগীর কবির বলেন, ভবিষ্যতে বিপিডিবি ও এনটিপিসির যৌথ উদ্যোগে নেপাল এবং ভুটানেও বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হতে পারে। এ যৌথ উদ্যোগের আওতায় খুলনায় প্রায় এক হাজার ৩০০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। এ কেন্দ্রটি স্থাপন করার প্রক্রিয়া এ বছরই শুরু হবে।দুই. পিডিবি ও এনটিপিসি যৌথভাবে বাংলাদেশে দুই হাজার ৬০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাই করবে। তিন. এনটিপিসি বাংলাদেশের পুরোনো বিদ্যুৎকেন্দ্রগুলোর দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। চার. বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মানবসম্পদ উন্নয়নে এনটিপিসি সহযোগিতা করবে। পিডিবির পক্ষে এ স্মারকে সই করেন প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী (উৎপাদন) আবুল কাশেম এবং এনটিপিসির পক্ষে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক এম এস চাওলা।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সফররত ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।