বিদ্যুৎ খাত নিয়ে অর্থমন্ত্রীকে দিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে অর্থসংকটসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের কতিপয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে প্রকল্পগুলো সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ খাতের প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা জানিয়েছেন। তাঁরা জানান, অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি বিদ্যুৎ খাতের প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ জোগানোর জন্য কী করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীকে জানাবে। এ জন্য কমিটি বিদ্যুৎ বিভাগের দেওয়া প্রস্তাবনাগুলো পর্যালোচনা করে দেখবে।বৈঠকে প্রধানমন্ত্রী জ্বালানি, বিশেষ করে গ্যাসের দাম বাড়িয়ে সেই অর্থ বিদ্যুতের ভর্তুকিতে ব্যয় করার ভাবনা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, এভাবে এক খাতের অর্থ অন্য খাতে ব্যয়ের সুযোগ দেওয়া হলে অন্যান্য খাতের সংস্থাগুলোও এ ধরনের সুযোগ চাইতে পারে। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী শফিক আহমেদ, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, এনবিআরের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, সংশ্লিষ্ট সচিব ও সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, বৈঠকে বিদ্যুৎ প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য বেশ কটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, ঋণপত্র খোলা সহজ করা, ১৫ বছরের জন্য কর অবকাশ, আগের এসআরও বহাল রাখা ইত্যাদি। বৈঠকের শুরুতে পিডিবির পক্ষ থেকে একটি উপস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ প্রকল্পগুলোর সর্বশেষ অবস্থা তুলে ধরা হয়। এতে বলা হয়, বর্তমান সরকারের প্রায় সাড়ে তিন বছরে বিদ্যুৎ উৎপাদন ৩৬ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রতিদিন পাঁচ হাজার ৩০০ থেকে পাঁচ হাজার ৬০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই সরকারের সময় বিদ্যুতের ২৪ লাখ নতুন সংযোগ দেওয়া হয়েছে। নানা উদ্যোগ নেওয়া সত্ত্বেও বর্তমানে চলমান লোডশেডিংয়ের কারণ জানতে চান প্রধানমন্ত্রী। বিদ্যুৎ বিভাগ জানায়, বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হলেও অর্থের অভাবে সেগুলোর বাস্তবায়ন আটকে আছে। এর মধ্যে সামিটের বিবিয়ানা ১ ও ২ ছাড়াও ১১টি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র (আইপিপি) রয়েছে। এ ছাড়া সরকারি উদ্যোগে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও রাষ্ট্রীয় নিশ্চয়তা (সভরেন গ্যারান্টি) না থাকায় বিদেশি ঋণ পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ প্রকল্পে দেশীয় ব্যাংকগুলো যাতে ঋণের ব্যবস্থা করে এবং এলসি-সংক্রান্ত জটিলতা দূর হয়, সে ব্যাপারে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে নির্দেশ দেন। যাঁরা ইতিমধ্যে বিদ্যুৎ প্রকল্পের কাজ পেয়েছেন, তাঁরা যেন দ্রুত তা বাস্তবায়ন করে সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বিদ্যুৎ খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ছাড়পত্র দেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেন তিনি। তবে তিনি ওই কেন্দ্রের কারণে যাতে সুন্দরবনের কোনো ক্ষতি না হয়, সে বিষয়টি দেখতে বলেন। এ ছাড়া ওই কেন্দ্রের জমি ভরাটের জন্য পশুর নদ থেকে বালু উত্তোলন এবং মংলা থেকে খুলনা পর্যন্ত ড্রেজিং করার বিষয়টিও অনুমোদন করেন প্রধানমন্ত্রী।