বিদ্যুৎ খাতকে অধিকতর গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। বেসরকারি খাতকে উৎসাহিত করা, এ খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য দেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করাসহ নানা পরামর্শ দিয়েছে দলটি।গতকাল মঙ্গলবার বিকেলে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এ পরামর্শ দেন। বিদ্যুৎ-সংকটের সমাধানসহ নানা দাবিতে বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেন তিনি। লিখিত বক্তব্যে মুজাহিদ বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জোট সরকারের আমলে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়েছিল এক হাজার ১১৭ মেগাওয়াট। সরকার বিদ্যুৎ সমস্যার জন্য চারদলীয় জোটকে দায়ী করে যে বক্তব্য দিচ্ছে, তা সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক।‘জোট সরকারের আমলে যে বিদ্যুৎকেন্দ্রগুলো উদ্বোধন করা হয়, তার প্রায় সবই এর আগের আওয়ামী লীগ সরকারের আমলে কাজ শুরু হয়েছিল। ক্ষমতায় থাকাকালে আপনারা কোথায় কয়টা বিদ্যুৎকেন্দ্র করেছেন’—জানতে চাইলে মুজাহিদ বলেন, ‘বড়পুকুরিয়ায় (দিনাজপুর) ১৯৯১ সালে বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরু হয়েছিল। জোট সরকারের আমলে তা পূর্ণতা দেওয়া হয়। সিরাজগঞ্জের বাঘাবাড়িতেও একটি বিদ্যুৎকেন্দ্র করা হয়েছে জোটের আমলে।’ভোলা-৩ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে দলের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করব। আমরা কামনা করছি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। মাগুরা উপনির্বাচনকে (১৯৯৪ সালে) কেন্দ্র করে যে আন্দোলন হয়েছে, সেই পরিস্থিতি যেন তৈরি না হয়।’কর্মসূচি: মুজাহিদের ঘোষিত কর্মসূচির মধ্যে আছে আজ বুধবার সারা দেশে গণসংযোগ অভিযান উদ্বোধন; ২৫, ২৬ ও ২৭ এপ্রিল পানি, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোলটেবিল, মানববন্ধন, সভা-সমাবেশ, সেমিনার ও আলোচনা সভা; ২৯ এপ্রিল পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাবিতে দাবি দিবস পালন; ১ মে মে দিবস পালন, ৫ মে নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ দিবস; ১০ মে সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ দিবস পালন এবং ১৫ মে মহানগর ও জেলা কেন্দ্রে ওলামা সমাবেশ।